Dhaka Mail Logo

বিনোদন

কেমোথেরাপি চলছে তানিয়া বৃষ্টির, আরও যা জানালেন লাইভে

বিনোদন ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই তানিয়া বৃষ্টির। নাটক-ওটিটিতে রেখেছেন তার প্রমাণ। চলচ্চিত্রেও ছড়িয়েছেন মুগ্ধতা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ছন্দে চলছিলেন পথ। হঠাৎ ছন্দপতন ঘটায় অসুস্থতা।

গেল ফেব্রুয়ারিতে জানা যায় ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি। তারপর থেকে চিকিৎসাধীন আছেন অভিনেত্রী। সেসব খবরও দিয়ে থাকেন সোশ্যাল হ্যান্ডেলে। তারপরও অনুরাগীদের প্রশ্ন, এখন কেমন আছে তানিয়া বৃষ্টি? এবার সে উত্তর দিলেন নিজেই।

আজ শনিবার এক ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বৃষ্টি। তার কথায়, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’  

এদিকে ভক্তদের প্রশ্ন, কবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তানিয়া বৃষ্টি? সে কৌতূহলও মিটিয়েছেন অভিনেত্রী। বলেছেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’
অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় তানিয়া বৃষ্টি। মাঝে মাঝেই নিজের ছবি প্রকাশ করেন। পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাও চালাতে দেখা যায়। 

অভিনেত্রীর হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিতব্য এ ছবিতে আরও আছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা। 

আরআর