বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ রিয়েলিটি শোয়ের এর দ্বিতীয় সিজনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। মা হওয়ার উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির শুক্রাণু নিয়ে আইভিএফের মাধ্যমে চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যান্ত সফল হননি।
তিনি বলেন, “বিয়ের আগেই মা হওয়ার ইচ্ছা জেগেছিল। তখন আমার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাই ভেবেছিলাম, একা থাকার সিদ্ধান্ত নিলেও মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হব না। এই কথা আমি আমার বাবা-মাকেও জানিয়েছিলাম। প্রথমে তাঁরা কিছুটা অবাক হয়েছিলেন। তাঁরা আমাকে বুঝিয়ে বলেছিলেন, ‘ভারতের মতো দেশে বিয়ের আগে বা একা এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুব কঠিন হবে।’ তবে আমার জেদ দেখে শেষ পর্যন্ত তাঁরা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন।”
অভিনেত্রী দুইবার আইভিএফ চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু সেই চেষ্টায় সফল হননি তিনি। বলেন, ‘মা হওয়ার ইচ্ছা থেকে আইভিএফ করানোর কথা ভাবি। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির শুক্রাণু নিয়ে সন্তানধারণের চেষ্টা করি। পরপর দুইবার আইভিএফ করিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান ধারণ করতে পারিনি।’
সেই সময়ে তার জীবনে আসেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমদ। ২০২০ সালে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী আন্দোলনের সময় দিল্লিতে ফাহাদের সঙ্গে প্রথম দেখা হয়েছিল স্বরার। সেখান থেকে বন্ধুত্ব এবং পরে বিয়ে। ২০২৩ সালে তাদের ঘর আলো করে আসে একটি কন্যাসন্তান।
ইএইচ/