বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি নির্ধারিত সময়ে বাংলাদেশে আনা সম্ভব হয়নি। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় জ্বালানি বহনকারী কার্গো বিমানের যাত্রা আটকে গেছে।
বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
ইউরেনিয়াম জ্বালানি আনতে অনুমতি না দেওয়ায় পাকিস্তান হাইকমিশনে কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। সোমবার এক পোস্ট তিনি লিখেছেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারের ভাবে জানতে চাই রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশ ব্যবহার করার অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।’
সবশেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পাশ কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।’
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পে দুটি VVER-1200 পারমাণবিক চুল্লি রয়েছে। দুই ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে প্রথম চালান ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে পৌঁছেছিল। বিশেষ কার্গো বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা ওই জ্বালানি পরে কঠোর নিরাপত্তার মধ্যে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।
ইএইচ/