বিনোদন প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম
মঞ্চে হাত পাকিয়ে ছোটপর্দায় নাম লেখান অভিনেতা আ খ ম হাসান। লম্বা সময় ধরে নাটকে জনপ্রিয়তা ধরে রেখেছেন। সমসাময়িকরা ওটিটি মাধ্যমে থিতু হলেও কিছুটা দেরিতে নাম লেখান তিনি। এরইমধ্যে একাধিক কনটেন্টে দেখা গেছে তাকে। এবার দেখা যাবে মোস্তাফিজুর নূর ইমরানের এক ওয়েব সিরিজে। তবে সিরিজটির নাম এখনও জানা যায়নি।
বিষয়টি নিয়ে ঝেড়ে কাশেননি আ খ ম হাসান। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘গল্প শোনানো হয়েছে আমাকে। অক্টোবর থেকে শুটিং শুরু হবে। ভৌতিক সামাজিক একটি সিরিজ হবে। গল্পটা বেশ ক্রিটিক্যাল। এরকম কাজ সচরাচর হয় না। আট পর্বের সিরিজ এটি।‘

গল্পে দুষ্টুদের ওপর প্রকৃতির প্রতিশোধ নেমে আসতে দেখা যাবে বলে জানালেন অভিনেতা। বললেন, ‘সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের অনিষ্ট করে, অশান্তি সৃষ্টি করে। তাদের ওপর প্রকৃতির প্রতিশোধ নেমে আসতে দেখা যাবে। এর চেয়ে বেশি বলতে পারব না। এখন পর্যন্ত যেরকম কথা হয়েছে সে অনুযায়ী আমার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ।’
ওটিটি মাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়ে আ খ ম হাসান বলেন, ‘ওটিটিতে কাজগুলো ধরে ধরে করা হয়। সবকিছুতে যত্নের ছাপ ও পরিপূর্ণতা থাকে। ফিল্মের মতো অনেকটা। যেটা আমরা ইউটিউব নাটকগুলোতে সচরাচর পাই না। সব মিলিয়ে ওটিটির অভিজ্ঞতা ভালো।’

এদিকে মোস্তাফিজুর নূর সিরিজটি নিয়ে মুখ খুললেন না। জানালেন শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বর্তমানে তিনি ব্যস্ত তার দ্বিতীয় নির্মাণ ‘জাদুকর’ নিয়ে। শিগগিরই কোনো একটি ওটিটি থেকে আসবে ওয়েব সিনেমাটি। ইমরান বলেন, ‘‘জাদুকর’ আমার দ্বিতীয় প্রোডাকশন। গল্পটি ‘জ্বিনের বাচ্চা’র আগে রাজীব ভাইয়ের কাছে শুনি। তখনই ভালো লেগেছিল। সে সময় নির্মাণ করা হয়নি। এবার আনছি দর্শকের জন্য। এটি একটি সাইকোলজিক্যাল হরর। সঙ্গে বাস্তবতার মিশেল।’’
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘জাদুকর’-এর পোস্টার। কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফ সিরাজ। আরও অভিনয় করেছেন শাওয়ানা, আনোয়ার হক, রশিদ হারুন প্রমুখ। এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন রাজীব হোসেন।

অন্যদিকে আ খ ম হাসান জানালেন এর বাইরে আরও একটি ওয়েব কনটেন্টে কাজের কথা হয়েছে তার। পাশাপাশি কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ দেখা যাচ্ছে তাকে। এর আগে ‘লাইফলাইন’ ও ‘তাজমহল’ নামের দুটি ওয়েব কনটেন্টে ছিলেন তিনি। যা দর্শকমহলে হয়েছে প্রশংসিত।
আরআর