Dhaka Mail Logo

বিনোদন

মুসলিম হয়ে কপালে তিলক, কটাক্ষের শিকার অভিনেতা

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

সম্প্রতি ‘ব্রহ্মযুগম’ সিনেমায় অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মালয়ালম তারকা মাম্মুটি। গুজরাটে অনুষ্ঠিত জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার আগে মঞ্চে পৌঁছালে এক নারী তাঁর কপালে তিলক এঁকে এবং গলায় তেরঙা থোর্থু (কাঁধে পরার কাপড়) পরিয়ে তাঁকে স্বাগত জানান। মুসলিম হওয়া সত্ত্বেও কপাল তিলক পরানোর সময় বাঁধা না দেওয়ায় চটেছেন নেটিজেনদের একাংশ। তিলক দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

তবে এই বিতর্কের মুখে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হরিশ্রী ইউসুফ। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ যখন মাম্মুটির সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করছেন, তখন কিছু মানুষ তিলক আঁকার মতো তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনায় ব্যস্ত।’

সমালোচকদের কুয়োর ব্যাঙ বলে কটাক্ষ করেন এই নির্মাতা। বলেন, ‘ভারতে একই ঈশ্বরের উপাসনা করার নানা রকম পদ্ধতি রয়েছে। সবকিছুই শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার উদ্দেশে করা হয়।’

ইউসুফ আরও বলেন, ‘আপনি ক্রস আঁকুন, তিলক লাগান, কিংবা মাথা নত করে প্রার্থনা করুন— সবকিছু ঈশ্বরের উদ্দেশেই করা হয়। এটি আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রকাশ করে।’ তাঁর মতে, অতিথিকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী রীতি হিসেবেও তিলক ব্যবহার করা হতে পারে। ধর্ম মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য নয়।

সবশেষে সমালোচকদের কড়া হুঁশিয়ারি দিয়ে নির্মাতা বলেন, ‘এ ধরনের নিচু মানসিকতা সমাজে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে পারে। ভারত একটি মহান দেশ, আর এ ধরনের চিন্তাধারার মানুষ সমাজে বিভেদ তৈরি করেন। তাই ভবিষ্যতে এমন গোঁড়ামি থেকে দূরে থাকুন।’

ইএইচ/