Dhaka Mail Logo

বিনোদন

দুর্গাপূজায় আসছে না, ‘বিদায়’-এর মুক্তি নিয়ে যা বললেন প্রযোজক 

বিনোদন প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’ মুক্তি নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। গেল কোরবানি ঈদে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে যায়। দুর্গাপূজায় মুক্তির কথা শোনা গেলেও নমুনা নেই। কেননা চারদিকে পুজোর আমেজ ফুটতে শুরু করলেও সিনেমার প্রচারণা নেই। 

নীরবতার কারণ জানতে চাইলে ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানালেন, নির্ধারিত সময় মুক্তি পাচ্ছে না ছবিটি। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘ছবিটি দূর্গাপূজায় মুক্তি পাচ্ছে না।’ কবে মুক্তি পাচ্ছে জানতে চাইলে বলেন, ‘আগামী বছরের কোনো এক সময় মুক্তি দেওয়া হবে। একটি গানের শুটিং বাকি আছে। দেশের বাইরে শুট করব।’ 

আগেই জানা গিয়েছিল ছবির কিছু অংশের শুটিং এখনও বাকি রয়েছে। এরইমধ্যে পেরিয়েছে প্রায় চার মাস। এখনও শুটিং ঝুলিয়ে রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছবিটি দূর্গাপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলে তা হচ্ছে না। তাই শুটিং নিয়ে তাড়াহুড়া করিনি। যেহেতু আগামী বছরই আসবে তাই যেকোনো সময় শুটিং শেষ হয়ে যাবে।’ 

প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এগিয়েছে ‘বিদায়’-এর গল্প। এ ছবিতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে। গল্প নিয়ে শাহরিন বলেন, ‘অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’

বাপ্পারাজ ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ। 

ইএইচ/