বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
২০২৪ সালে বক্স অফিস কাঁপায় ‘কল্কি ২৮৯৮ এডি’। দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, প্রভাসরা একসঙ্গে মন ভরান দর্শকের। ফলে সিক্যুয়েলের জন্য মুখিয়ে ছিলেন তারা। পরের কিস্তিতে আরও কোনো তারকা থাকবে কি না তা নিয়েও ছিল কৌতূহল। সম্প্রতি জানা গেছে, সিক্যুয়েলে নতুন কোনো চরিত্র থাকছে না। সেইসঙ্গে প্রশ্নের মুখে দীপিকার সুমতি চরিত্রের ভবিষ্যৎ।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক আশ্বিন নাগ কথা বলেছেন ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে। তিনি-ই জানিয়েছেন যারা ছিলেন তাদের নিয়েই হবে ছবির দ্বিতীয় অধ্যায়। তার কথায়, ‘এবার নতুন কোনো সংযোজন নেই। আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আর গল্পে ইতিমধ্যেই এত চরিত্র রয়েছে।’

এরইমধ্যে ক্যামেরা-লাইট জ্বলে উঠেছে সিক্যুয়েলের। অমিতাভ ও কমল হাসানের বেশ কিছু অংশের শুটিংও সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক। তিনি বলেন, ‘অক্টোবর থেকে শুরু হবে সিনেমার শুটিং। কলটাইমও শিল্পীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে আমরা কমল স্যার আর বচ্চন স্যারের সঙ্গে আলাদাভাবে শুটিং সেরে ফেলেছি। প্রভাসের অংশের জন্য অপেক্ষা করছিলাম, সেটাও সমাধান হয়েছে। আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করতে পারব বলে আমরা আশাবাদী। শুটিং শেষ হলে আমরা ছবি মুক্তির দিন ঘোষণা করব।’
এর আগে ‘কল্কি’র প্রযোজনা সংস্থার সঙ্গে বিরোধ হয় দীপিকার। মাতৃত্বের পর ৮ ঘণ্টার বেশি শুটিংয়ে অনীহা ছিল তার। যাতে একমত হননি প্রযোজকরা। ফলে প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ‘দীপিকা পাড়ুকোন কল্কি ২৮৯৮ এডি-র আসন্ন সিক্যুয়েলে থাকছেন না। সবদিক বিবেচনা করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রথম অংশের সাফল্যের পরও দ্বিতীয়ভাগে একসঙ্গে কাজ করা হলো না। কিন্তু এই ছবির প্রতি একটি দায়বদ্ধতা আছে। অভিনেত্রীর ভবিষ্যতের কাজের জন্য আমরা শুভেচ্ছা জানাই।’

এদিকে নতুন করে সিনেমাটি নিয়ে পরিচালক কথা বলার পর ফের প্রশ্ন উঠেছে দীপিকার থাকা না থাকা নিয়ে। সুমতি চরিত্রের ভবিষ্যৎ উঠেছে প্রশ্ন। তবে সেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি পরিচালক-প্রযোজকদের থেকে।
‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে ছিটকে পড়লেও দীপিকার হাতে কাজের অভাব নেই। শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। আছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘রাকা’ ছবিতেও।
আরআর