বিনোদন প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
এক সময় ছোটপর্দায় নিয়মিত ছিলেন তুষার খান। দেখা গেছে সিনেমায়ও। দর্শকের মাঝে আলাদা জনপ্রিয়তা রয়েছে এ অভিনেতার। তবে আজকাল অভিনয়ে নিয়মিত নন তিনি। তার অভাব বোধ করেন দর্শক। সেটি ঘোচাবে ভিকি জাহেদের নির্মিতব্য ‘খলনায়ক’ সিনেমা। কেননা ছবিটিতে দেখা যাবে তষার খানকে। ঢাকা মেইলকে খবরটি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
চরিত্র নিয়ে মুখ খোলেননি অভিনেতা। শুধু বলেছেন, ‘‘বেশি কিছু বলা যাবে না। ‘খলনায়ক’ সিনেমাটি বেশ রহস্যমণ্ডিত। আমার চরিত্রটাও রহস্যঘেরা।’’ জানালেন, কলকাতায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। কিছুদিন পর দেশে শুটিং শুরু হলে যোগ দেবেন।

‘খলনায়ক’-এ তুষার খান ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, শহিদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার। চঞ্চলের চরিত্র সম্পর্কে জানা না গেলেও সেলিম-দিনারকে দেখা যাবে শেয়ারবাজারের বড় ব্যবসায়ীর চরিত্রে।
বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে কলকাতার একাধিক তারকাও আছেন ভিকি জাহেদের নির্মিতব্য ‘খলনায়ক’-এ। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা সরকার। তিনি ছাড়াও ছবিটিতে রয়েছেন অ্যানমেরি টম ও প্রসূন সাহা।
_20260924_134113842.jpg)
শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রাখছেন ভিকি জাহেদ। সূত্রমতে চুপিসারে কলকাতায় শেষ করেছেন সিনেমাটির প্রথম লটের শুটিং। টেলি একাডেমিসহ কলকাতার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ চলছে ‘খলনায়ক’-এর। শিগগিরই দেশের বিভিন্ন লোকেশনে বাকি অংশের শুটিং হবে।
‘খলনায়ক’-এ মুখ্য চরিত্রে থাকছেন আফরান নিশো। তার সঙ্গে আছেন তমা মির্জা। এ জুটির তৃতীয় সিনেমা এটি। ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নিশোর। সেখানে মাসুদের ময়না ছিলেন তমা। শুধু ‘দমে’ নিশোর সঙ্গে দেখা যায়নি তাকে। ‘খলনায়ক’ দিয়ে ফিরছেন তারা। সূত্রের দেওয়া তথ্যমতে দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
আরআর