বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
ছোটবেলা থেকেই শিউলিকে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনই বড় হয়েছে, বদলেছে জীবনের পথও। শিউলি এখন শিউলি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে। অভাব-অনটনের এই জীবনে শিউলির প্রতি গভীর ভালোবাসা নিয়ে সব সময় তার পাশে থাকে রতন। কিন্তু ছোটবেলার একটি অসুস্থতা শিউলির জীবনকে অন্যরকম করে দিয়েছে।
সেই অসুস্থতায় তার একটি পা নষ্ট হয়ে যায়। এরপর থেকেই এক পায়ে ভর করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে রতনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও একধরনের হীনম্মন্যতায় ভোগে শিউলি। তার বিশ্বাস, এই শারীরিক পার্থক্যের কারণে তারা কখনোই ‘সমান সমান’ হতে পারবে না।
এদিকে মেয়ের বিয়ের জন্য উঠেপড়ে লাগে শিউলির মা। সবকিছু জেনেশুনেই এক ব্যক্তি শিউলিকে বিয়ে করতে রাজি হয়। এমনকি ঠিক হয়ে যায় বিয়ের দিন-তারিখও। পরিস্থিতি যখন ধীরে ধীরে শিউলির হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তাকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা শুরু করে রতন। শিউলির মতো ‘সমান’ হওয়ার এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে।
এমনকি নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে রতন। ভালোবাসার মানুষটির সঙ্গে নিজেকে সমান করে তুলতে তার এই আত্মত্যাগের আকাঙ্ক্ষাই নাটকের গল্পে তৈরি করেছে আবেগঘন টানাপোড়েন। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’। ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির জটিল সমীকরণের এই গল্পে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন।
সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নির্মিত নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। সম্প্রতি নাটকটি উন্মুক্ত হয়েছে ইউটিউবেও। খুব বেশি ভিউ না পেলেও দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে ‘সমান সমান’।
নাটকটি দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘ভালো লেগেছে নাটকটি। তবে ভিউস আরও বেশি হওয়া উচিত ছিল’। আরেকজন লিখেছেন, ‘নিশা চৌধুরীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে’। একজন লিখেছেন, ‘খুব সুন্দর একটি কাজ’।
শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।
আরআর