Dhaka Mail Logo

বিনোদন

‘খলনায়ক’-এ কলকাতার প্রিয়াঙ্কা, অ্যানমেরি ও প্রসূন

বিনোদন প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

প্রথমবারের মতো বড়পর্দায় আসছেন ‘পুনর্জন্ম’ জুটি আফরান নিশো ও ভিকি জাহেদ। নিশো এর আগে তিনটি সিনেমা করলেও ‘খলনায়ক’ দিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে ভিকির। এরইমধ্যে পশ্চিমবঙ্গে শুটিং শেষ করে ফিরেছে টিম। এবার দেশে শুটিংয়ের নিচ্ছে প্রস্তুতি।

এদিকে এর আগে ঢাকা মেইল জানিয়েছিল নিশোর ‘খলনায়ক’-এ দেশের চঞ্চল চৌধুরী ছাড়াও থাকছেন ওপারের কয়েকজন তারকা। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা সরকার। তিনি ছাড়াও ছবিটিতে রয়েছেন অ্যানমেরি টম ও প্রসূন সাহা। খবরটি ঢাকা মেইলকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

1780396209_priyanka

‘চিরদিনই তুমি যে আমার’  সিনেমা দিয়ে ইতিহাস তৈরি করা প্রিয়াঙ্কা ‘খলনায়ক’-এ থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০০৫ সালে ‘দাদার আদেশ’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করে ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়া ‘রাজকাহিনী’, ‘ক্রিসক্রস’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘অন্দরকাহিনী’, ‘সুলতান: দ্য সেভিয়ার’, ‘রবিনস কিচেন’, ‘দ্য জেব্রাস: ডার্ক ভ্রম’ এবং ‘ফেরা’-র মতো সিনেমায়ও পাওয়া গেছে প্রিয়াঙ্কাকে। 

অ্যানমেরি টম আধা বাঙালি অভিনেত্রী। পশ্চিমবঙ্গের ছোটপর্দায় কাজ করেন। ‘বীণাপাণি’ নামের একটি ধারাবাহিকের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অন্যদিকে প্রসূন সাহা বাংলা ওয়েব সিরিজ, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘মন্টু পাইলট’সহ বেশ কিছু ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এ অভিনেতার সিনেমাগুলার মধ্যে রয়েছে 'ঘাসফুল', 'তরুলতার ভূত' প্রভৃতি। 

612007633_18503074264075908_6275529406693416513_n_(1)

এরইমধ্যে জানা গেছে চঞ্চল ছাড়াও ‘খলনায়ক’-এ আছেন বাংলাদেশের শহিদুজ্জামান সেলিম ও ইন্তেখাব দিনার। চঞ্চলের চরিত্র সম্পর্কে জানা না গেলেও সেলিম-দিনারকে দেখা যাবে শেয়ারবাজারের বড় ব্যবসায়ীর চরিত্রে। 

এদিকে ‘খলনায়ক’ নিয়ে কথা বলতে ভিকি জাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেননি তিনি। খুদে বার্তা পাঠিয়েও মেলেনি উত্তর। যদিও শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রাখছেন তিনি। এমনকি এর আগে খবর ছড়ালেও সিনেমাটি নির্মাণের কথা অস্বীকার করেছিলেন।

prasun

চুপিসারেই কলকাতায় শেষ করেছেন সিনেমাটির প্রথম লটের শুটিং। টেলি একাডেমিসহ কলকাতার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ চলছে ‘খলনায়ক’-এর। এরইমধ্যে দেশে ফিরেছে টিম। ২৫-২৬ তারিখ থেকে দেশের বিভিন্ন লোকেশনে বাকি অংশের শুটিং হবে। 

‘খলনায়ক’-এ নিশোর সঙ্গে দেখা যাবে তমা মির্জাকে। এ জুটির তৃতীয় সিনেমা এটি। ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নিশোর। প্রথম সিনেমা দিয়েই পায়ের তলার ভিত মজবুত করেন অভিনেতা। সেখানেও মাসুদের ময়না ছিলেন তমা। শুধু ‘দমে’ নিশোর সঙ্গে দেখা যায়নি তাকে। ‘খলনায়ক’ দিয়ে ফিরছেন তারা। সূত্রের দেওয়া তথ্যমতে দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। 

আরআর