বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
বিহারে একটি জুয়েলারি শোরুমের উদ্বোধন করতে গিয়ে হামলার মুখে পড়েন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী কাজল রাঘওয়ানি। অনুষ্ঠান শেষে অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল জনতা। তাঁকে এক ঝলক দেখতে পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দেয়। ফলে অভিনেত্রীর গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মনে উদ্বেগের সৃষ্টি হয়।
এই ঘটনার পর এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, তিনি এবং তাঁর টিম সম্পূর্ণ নিরাপদে আছেন। কাজল বলেন, ‘আপনাদের সবাইকে বলতে চাই আমি একেবারেই ঠিক আছি এবং সুস্থ আছি। কারও কোনো ক্ষতি হয়নি। অনেকে ফোন করে জানতে চেষ্টা করছেন আমি ঠিক আছি কি না। হ্যাঁ, আমি ভালো আছি। আমার পুরো টিমও সুস্থ আছে। কাউকেই আঘাত করা হয়নি। দয়া করে কেউ চিন্তা করবেন না।’
তিনি যোগ করেন, ‘আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আমাদের এভাবেই ভালোবেসে যান। সমর্থন করে যান। অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা।’
জানা গেছে, গতরাত বিহারের নালন্দা জেলার বিহার শরিফে একটি জুয়েলারি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন কাজল। অভিনেত্রীকে দেখতে ও তাঁর সঙ্গে ছবি তোলার জন্য শোরুমের বাইরে অসংখ্য মানুষ ভিড় জমায়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শোরুমের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেয়। তারপরও অভিনেত্রীকে দেখার অপেক্ষায় থাকেন অনেক ভক্ত। উদ্বোধন শেষে ছবি না তুলে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ির ওপর ইট-পাটকেল ছুড়তে শুরু করে উৎসুক জনতা। ভিডিওতে দেখা যায় হামলায় গাড়ির একপাশের কাচ ভেঙে যায়।
২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরী সিনেমায় তাঁর অভিষেক হয়। দীর্ঘ এক যুগেরও বেশি কেরিয়ারে ৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরী রাজা’ এবং ‘সংঘর্ষ’। এদিকে মুক্তির অপেক্ষায় আছে ‘রাইজ অ্যান্ড ফল ২’ সিনেমা।
ইএইচ/