বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং হেনস্থার অভিযোগে জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর শক্তিশালী ভীম চরিত্রের অভিনেতা সৌরভ গুর্জরকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নারীর সঙ্গে সৌরভের পরিচয় হয়েছিল। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে তাঁদের সম্পর্কের গভীরতা বাড়ে। একপর্যায়ে তাঁরা আমেরিকায় একসঙ্গে বসবাস শুরু করেন। ভুক্তভোগী মহিলার অভিযোগ, সৌরভ তাঁকে আমেরিকার চাকরি ছাড়তে রাজি করান এবং প্রতিশ্রুতি দেন দুজনে ভারতে ফিরে যৌথভাবে ব্যবসা শুরু করবেন। কথায় অনুযায়ী নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে ভারতে ফিরে আসেন।
পুলিশের তথ্যমতে, ভারতে ফেরার পর ২০২৫ সালের অক্টোবর মাস থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত তাঁরা একসঙ্গে জীবনযাপন করেন। এরপরেই সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। অভিযোগকারী নারী যখনই বিয়ের প্রসঙ্গ তুলতেন, অভিনেতা নানাছিলেয় তা এড়িয়ে যেতেন। পরিস্থিতির অবনতি হলে সৌরভ তাঁর ফোন নম্বর ব্লক করে দেন। কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে উধাও হয়ে যান।
এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে ওই নারী হায়দরাবাদের গাচিবাউলি থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবরে মুম্বই বিমানবন্দর থেকে সৌরভকে আটক করা হয়। আটকের পর সরাসরি হায়দরাবাদে নিয়ে এসে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
ইএইচ/