বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইমরানের মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ‘মেকানিক্স’-এর ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব। তিনি লেখেন, “মেকানিক্স’-এর প্রাক্তন গিটারিস্ট ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আমি আমার এক ভাইকে হারালাম। আপনারা তার জন্য দোয়া করবেন।”
দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হন গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ। তারপর থেকে টানা তার চিকিৎসা চলেছিল। জানাজা ও দাফনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পারিবারিকভাবে সব চূড়ান্ত হলে তা জানাবেন বলেও জানান ত্রিদিব।
২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের যাত্রা শুরু। প্রথম লাইনআপে ছিলেন সৈয়দ ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন সৈয়দ ইমরান আহমেদ। এরপর আর কোনো ব্যান্ডে যোগ দেননি। মৃত্যুকালে স্ত্রী ও একটি কন্যাসন্তান রেখে গেছেন তিনি।
ইএইচ/