Dhaka Mail Logo

বিনোদন

সালমানের জন্মদিনে বিশেষ অনুরোধ শাবনূরের 

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

আজ ১৯ সেপ্টেম্বর ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। এদিন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে।

মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। সালমান-শাবনূর জুটির রসায়নে মন ভরেছিল সিনেমাপ্রেমীদের। ঢালিউডের অন্যতম জুটিতে পরিণত হন তারা। এতটাই সমাদৃত হন যে আজও সালমান নামটি নিলেই উঠে আসে শাবনূরের নাম।

salman-shabnur_20260906_170052657

সালমানের জন্মদিনে সহকর্মীরা যখন তাকে স্মরণ করলেন তখন শাবনূরও প্রিয় সহকর্মীকে নিয়ে জানালেন অনুভূতি। শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!’

তারকাখ্যাতির বাইরে মানবিক হৃদয়ের অধিকারী ছিলেন সালমান। মানুষকে শ্রদ্ধার চোখে দেখা এবং আপন করে নেওয়ার ক্ষমতা ছিল তার। সেসব স্মৃতি এখনও মনে পড়ে শাবনূরের। এরকম উল্লেখ করে লিখেছেন, ‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনও ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’

image_20260906_165905858

সালমানের কোনো সিনেমার গান বা দৃশ্য চোখে পড়লে তাকে অনুভব করেন জানিয়ে লেখেন, ‘পুরনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’

সবশেষে সালমানের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও জান্নাত প্রার্থনা করেন শাবনূর। পাশাপাশি সবার প্রতি তার অনুরোধ, ‘প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তাঁর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’

salman-inner-20220207163107

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এ নায়ক। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন। যার অধিকাংশই সুপারহিট। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখলেও সালমানের বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন শাবনূর। এই জুটি তখন এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে, তাদের কোনো ছবি মুক্তি পেলেই দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়তেন। 

আরআর