Dhaka Mail Logo

বিনোদন

রাজপুত্রের জন্মদিন, মুক্তি পাচ্ছে তাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা 

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম

সময়ের থেকে এগিয়ে থাকা এক নায়ক ছিলেন সালমান শাহ। নব্বই দশকের চলচ্চিত্রে তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা শেষ হয়ে যায় রহস্যমৃত্যুর মধ্য দিয়ে। আজ এই মহান নায়কের ৫৫তম জন্মদিন।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোট ভাই শাহরান চৌধুরী ইভান। বৃশ্চিক রাশির জাতক সালমানের বিনোদনজগতে যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে। তিনি ইস্পাহানি গোল্ডস্টার টি, জাগুয়ার কেডস, মিল্ক ভিটা, কোকাকোলা, ফানটা এবং জাগুয়ার কেডসের বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। দুই যুগ পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু আজও তিনি সমসাময়িক। টেলিভিশনে তার সিনেমা প্রচারিত হলে অনুরাগীরা চ্যানেল পাল্টাতে পারেন না। জমে থাকা আবেগ আর ভালোবাসা নিয়ে মুগ্ধ হয়ে দেখেন প্রিয় নায়কের অভিনয়। স্টাইল ও ফ্যাশন সচেতনতা আফসোস বাড়িয়ে দেয় তাদের। দীর্ঘশ্বাস ফেল বলেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন সালমান!

মাত্র ২৫ বছরের জীবন সালমান শাহর। চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন। বেশিরভাগ সিনেমা ছিল ব্যবসাসফল। তিনি কোনো নির্দিষ্ট শ্রেণির দর্শকের নায়ক ছিলেন না। সব ধরনের দর্শকের পছন্দের নায়ক হিসেবে গ্রহযোগ্যতা পেয়েছিলেন।

অকাল প্রয়াত এ সুপারস্টারের জন্মদিন উপলক্ষে মুক্তি পাচ্ছে তাকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ব্যাকডেটেড’। নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। এর আগে তিনি ‘থ্রি ইডিয়টস’, ‘মনপুরা’সহ কিছু সিনেমার গল্প পুনর্নির্মাণ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন।

জিসান বলেন, চলচ্চিত্রে সালমান শাহর ক্যারিয়ার, ওই সময়ে তাঁর জনপ্রিয়তার গল্প উঠে আসবে এই সিনেমায়। তাঁর সম্পর্কে অনেক তথ্য জানা যাবে এতে। স্বল্প সময় হলেও এখানে একটি বার্তাও থাকবে। আশা করছি সবার ভালো লাগবে।’

‘ব্যাকডেটেড’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ফারুখ আহমেদকে। অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজ সন্ধ্যা ৭টায় জিসু এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে খুদে সিনেমাটি। নির্মাতা জানান সালমানের পরিবারের অনুমতি নিয়েই সিনেমাটি বানিয়েছেন তিনি। 

আরআর