বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
রিকিতা নন্দিনী শিমু আর আর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন সমার্থক হয়ে উঠেছে। চলতি বছর টরন্টো ও ভেনিস ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে শিমুর সিনেমা। এর আগেই উৎসবগুলোতে মুগ্ধতা ছড়িয়েছে অভিনেত্রীর সিনেমা। সব মিলিয়ে শিমু প্রথম বাংলাদেশী অভিনেত্রী যার অভিনীত দুটি সিনেমা ভেনিসে এবং তিনটি সিনেমা টরেন্টো উৎসবে জায়গা নিয়েছে।
গতকাল ১৬ সেপ্টেম্বর টিফে একই দিনে ও একই ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে শিমু অভিনীত দুটি চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেলিফুল’। ছবি দুটির পরিচালক যাথাক্রমে রুবাইয়াত হোসেন ও আনিবা রহমান।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এ বছর ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রথম বাংলাদেশি ফিকশন ফিল্ম হিসেবে ইতিহাস গড়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিমু। সালা দারসেনায় প্রায় ১,৪০০ দর্শকের সামনে প্রদর্শিত হয় ছবিটি।
এর আগে ২০২১ সালে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ভারতীয় চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’-এর বিশ্ব প্রিমিয়ার হয়েছিল ভেনিসে। যেখানে অভিনয় করেছিলেন শিমু। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর অভিনীত কোনো চলচ্চিত্র ভেনিসে বিশ্ব প্রিমিয়ার পেল।
শিমু বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার আমার অভিনীত কোনো ছবি ভেনিসে বিশ্ব প্রিমিয়ার হলো। প্রথমবার উৎসবে উপস্থিত থাকতে না পারলেও, আমার অভিনীত ভারতীয় ছবিটি সেখানে প্রিমিয়ার হয়েছে জেনে খুশি হয়েছিলাম। কিন্তু এবারের অনুভূতিটা বিশেষ। কেননা নিজের দেশের ছবির প্রতিনিধিত্ব করাটা অসাধারণ ব্যাপার। সালা দারসেনায় প্রায় ১,৪০০ দর্শকের সঙ্গে, আমাদের পরিচালক ও পুরো দলের সঙ্গে বসে ছবিটি দেখাটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। এরপর দর্শকদের সুন্দর প্রতিক্রিয়া পুরো মুহূর্তকে আরও আবেগঘন করে তুলেছিল।’
টিফের সঙ্গেও শিমুর সম্পর্ক দীর্ঘদিনের। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ ২০১৯ সালে টিফে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল। চলচ্চিত্রটি ২০২৩ সালে অভিনেত্রীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। এবার একই উৎসবে তাঁর আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ফলে টিফে তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা দাঁড়াল তিনে।
একই দিনে দুটি চলচ্চিত্র প্রদর্শিত হওয়া প্রসঙ্গে শিমু বলেন, ‘‘একই দিনে একই ভেন্যুতে টিফে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবং আনিবা রহমান পরিচালিত ‘বেলিফুল’ প্রদর্শিত হওয়াটা আমার জন্য আনন্দের। ব্যাপারটা আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ আগামীকাল আমার জন্মদিন। আর এটা আমার জীবনের অন্যতম সেরা উপহার।’’
আনিবা রহমান নিউইয়র্কভিত্তিক নির্মাতা। তার সঙ্গে ‘বেলিফুল’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানান শিমু। এতে তার চরিত্রের নাম ‘বেলি’। অন্যদিকে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি আন্তর্জাতিক সহ-প্রযোজনা, যা বাংলাদেশের ধন্যা টকিজএন্ড ফ্ল্যাগ, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতায় নির্মিত হয়েছে।
আরআর