Dhaka Mail Logo

বিনোদন

সজীব চলে গেলেন, কিন্তু আমাদের শেষ কাজটি মুক্তি পেল না: খায়রুল বাসার

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। তার আকস্মিক মৃত্যু মানতেই পারছেন না শোবিজ তারকারা। 

নির্মাতা মারুফ সজীবের সঙ্গে কাজের স্মৃতি স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি জানান, একসঙ্গে তাদের সিনেমা বানানোর পরিকল্পনা ছিল। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখে চিরবিদায় নিয়েছেন সজীব।

বাসার লিখেছেন, ‘কথা ছিল আমরা একদিন সিনেমা বানাবো। কথা ছিল আমাদের আরও কতশত গল্প বলতে হবে। সেসব গল্প দর্শকের মনের অলিগলি ঘুরবে,  হারিয়ে যাবে না। অথচ আমার ভাইটাই হারিয়ে গেল, খুব অপ্রস্তুত করে চলে গেলো সে। শুরু থেকেই আমরা ভাই-বন্ধু ছিলাম। শতশত কিলোমিটার পথ হেঁটেছি আর কত পরিকল্পনা, কথা কাটাকাটি, যুক্তি-তর্ক হলো! শুধু নিরবতার সময়টায় আমাদের মন চোখ বলেছে, আমরা ভালো কিছু করতে চাই। আমরা আমাদের ভালো চাই। আমরা আমাদের ভালোবাসি।’

তিনি আরও লিখেছেন, “এক ভালোবাসা ও আফসোসের নাম হয়ে রইলেন নির্মাতা মারুফ হোসেন সজীব। এই আমাদের শেষ ছবি, আমাদের শেষ কাজ - ‘বকপক্ষীর পিরিতি’। এখনও কাজটা রিলিজ হলো না। ভাই আমার চলে গেলেন। আল্লাহ তায়ালা আপনি আমার ভাইকে শান্তিতে রাখুন। আপনারা আমার ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করবেন।”

সজীব নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ইত্যাদি।

ইএইচ/