Dhaka Mail Logo

বিনোদন

বন্দুকের মুখে শত কোটির হীরা লুট, কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা ক্ষতিপূরণ

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক দশক আগে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। মামলার সঙ্গে যুক্ত একজন আইনজীবীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, কিম নিজে এই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ চেয়েছিল।

রায় ঘোষণার পর এক বিবৃতিতে কিম বলেন, ‘ডাকাতি মামলার বিচার নিশ্চিত করার জন্য ফরাসি প্রশাসনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘ডাকাতির ঘটনাটি ছিল আমার জীবনের সবচেয়ে ভীতিজনক অভিজ্ঞতা, যা আমার এবং আমার পরিবারের মনে গভীর দাগ কেটে গেছে। যদিও সেদিন যা ঘটেছিল তা আমি কখনও ভুলব না। আমি মানুষের পরিবর্তন ও জবাবদিহিতায় বিশ্বাস করি এবং সবার মানসিক শান্তি ও সুস্থতা কামনা করি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনি ব্যবস্থার পক্ষে কথা বলার জন্য আমি সব সময় সচেষ্ট থাকব।’

image

এর আগে গত বছর আদালত ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করেছিল। আদালতের রায়ের বিরুদ্ধে কেউ আপিল করেনি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন সপ্তাহে যোগদানের জন্য কিম একটি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন। সেখানে পুলিশের পোশাক পরা মুখোশধারীরা মার্কিন অভিনেত্রীকে বন্দুকের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি মার্কিন ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) মূল্যের গয়না লুট করে।

যে হোটেলটিতে অবস্থান করার সময় ডাকাতির ঘটনা ঘটেছিল, সেই হোটেলের সাবেক এক কর্মীকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো (প্রায় ১ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২০১৬ সালের ২ অক্টোবর ফ্যাশন সপ্তাহের সময় সংঘটিত হীরা চুরির ঘটনায় ওই কর্মী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি ক্ষতিপূরণ ও সুদ বাবদ ৫ লাখ ৫০ হাজার ইউরো (প্রায় ৭ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকা) দাবি করেছিলেন।

image

বয়সের কারণে ফ্রান্সের ডাকাত দলটি ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি পায়। বিচার চলাকালীন অভিযুক্তদের ছয়জনের বয়স ছিল ষাট ও সত্তরের ঘরে। বিচার শুরুর আগে আটকাবস্থায় সাজা খাটা হয়ে যাওয়ায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের কাউকে নতুন করে কারাগারে যেতে হয়নি। 

ইএইচ/