Dhaka Mail Logo

বিনোদন

ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করলেও সম্প্রতি জানিয়েছেন তিনি জরায়ু ক্যানসারে আক্রান্ত। নিচ্ছিলেন কেমো থেরাপি। চিকিৎসার খবর নিয়মিত সামাজিক মাধ্যমে দিচ্ছিলেন তিনি। এবার প্রকাশ করলেন নিজের ন্যাড়া মাথার ছবি।

আজ মঙ্গলবার ফেসবুকে নিজের ন্যাড়া মাথার ছবি প্রকাশ করেন সামিয়া। ক্যাপশনে লেখেন, ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’

চুল হারিয়েও ভেঙে পড়েননি উপস্থাপিকা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে লিখেছেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নেওয়ার হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি। নিজের এই পরিবর্তন ও নতুন রূপকে মেনে নিয়েছি।’ 

সৌন্দর্য শুধু আয়নায় ধরা পড়ে না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ায়-ও লুকিয়ে থাকে। এরকম উল্লেখ করে সামিয়া লেখেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুকটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণ আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’

সবশেষে তিনি লেখেন, ‘অতএব, হ্যাঁ... এটাই আমি— ন্যাড়া মাথা, আর নিজের সত্তা নিয়ে কোনোরকম সংকোচ বা দ্বিধাহীন। নিজের প্রতিটি সংস্করণের জন্য আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এই সময়টাও কেটে যাবে।’

গেল ২৩ আগস্ট রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ফের কর্কট রোগে আক্রান্ত হওয়ার খবর জানান সামিয়া আফরিন। সে সময় কেমো থেরাপির প্রভাবে পড়ে যেতে পারে ভেবে চুল ছোট করে ফেলেছিলেন। সে ছবিও প্রকাশ করেছিলেন। সেইসঙ্গে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছিলেন। 

আরআর