বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
বেশ লম্বা সময় ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন সজীব। অনেক আগেই তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। প্রায় আট-নয় মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
জোহর নামাজ বাদ প্রায়ত নির্মাতাকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে। এর আগে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নির্মাতা, অভিনয়শিল্পী ও তাঁর সহকর্মীরা অংশ নেন। সজীবের আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিল্পীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সজীবের মৃত্যুতে অভিনেত্রী তাসনুভা তিশা লিখেছেন, ‘কিছু মানুষের হঠাৎ করে চলে যাওয়াটা সত্যিই মানা কষ্ট। মারুফ হাসান সজীব ভাইয়া যার সাথে যতবার দেখা হয়েছে, প্রতিবারই তাঁর আন্তরিকতা আর সুন্দর ব্যবহার মনে দাগ কেটেছে। তিনি শুধু একজন গুণী পরিচালক ছিলেন না। একজন সত্যিকারের ভালো মানুষও ছিলেন। আজ তাঁর চলে যাওয়ার খবর শুনে মনটা ভারী হয়ে আছে। শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। রূহের মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক শোক বার্তায় লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
সজীব নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ইত্যাদি।
ইএইচ/