বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
হলিউডের জনপ্রিয় অভিনেতা জন হাম ৫৭ বছর বয়সে প্রথমবার বাবা হতে চলেছেন। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত জমকালো এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী আনা ওসেওলাকে সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। এ সময় আনার বেবি বাম্প নজর কাড়ে।
কালো স্যুট ও বো-টাই পরে হাজির হন ম্যাড মেন খ্যাত অভিনেতা জন। অন্যদিকে, আনা পরেছিলেন একটি ফ্লোর-লেন্থের সাদা-কালো ডোরাকাটা হ্যাল্টার নেক গাউন, যার সাথে মানানসই সোনালী কাফ বালা ও কানের দুল। দীর্ঘদিন ধরে জনের বাবা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিজেরাই গুঞ্জনে সিলমোহর মারলেন।

২০২৩ সালে জন এবং আনা সুরের অ্যান্ডারসন ক্যানিয়নে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ডিভোর্সি পরিবারের সন্তান হওয়ায় বিয়ের প্রতি জনের একধরনের অনীহা ছিল। ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তিনি ভীষণভাবে ভয় পেয়েছিলেন। পরবর্তীতে সেই ভয়কে নিজের জীবনের সেরা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
বিয়ের পর এক সাক্ষাৎকারে জন বলেছিলেন, ‘আমি আশা করি আমাদের সন্তান হবে। আমার বয়স এখন ৫৩, সে কথাটা আমি বেশ ভালোভাবে জানি। এই বয়সে বাবা হওয়াটা একটু দেরি বটে। তবে তাতে কোনো সমস্যা নেই। একজন বয়স্ক বাবা হিসেবে নতুন দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত। দেখা যাক কী হয়, হয়তো এটা দারুণ একটা ব্যাপার হতে চলেছে!’

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনে জুটি দারুণ সময় কাটাচ্ছেন এই জুটি। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিরিজ ‘ইওর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’-এ তাঁরা একসঙ্গে অভিনয় করছেন। গত সোমবার এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সিরিজটির আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ হিসেবে মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তারা। একসাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জন পিপল ম্যাগাজিনকে জন বলেন, ‘পেশাগত জীবনের কথা বলতে গেলে, আমার স্ত্রী আনার সঙ্গে কাজ করাটা সত্যিই ভীষণ মজার। কাজের ফাঁকে আমরা মাঝেমধ্যে আমাদের পোষা কুকুরটাকেও সেটে নিয়ে আসতে পারি। সবচেয়ে বড় কথা হলো, কাজের দিনে অফিসে কী করলাম তা নিয়ে স্ত্রীর সঙ্গে আলাদা করে এক ঘণ্টা ধরে গল্প করার সময় নষ্ট হয় না। কারণ আমরা দুজনেই তো একসঙ্গে কাজ করছি!’
ইএইচ/