বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
গত বছর নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে এসে পণ্ড হয়েছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পৃথক কনসার্ট। এক বছর পর দেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি ও ‘নগর বাউল’ জেমসের সঙ্গে একই মঞ্চে মাতাতে আসছেন পাকিস্তানের শিল্পীরা।
টিকিফাই ও ম্যাক্স রিপাবলিকের যৌথ উদ্যোগে আয়োজিত মেগা কনসার্টের নাম দেওয়া হয়েছে— ‘রেডমি নোট সেভেনটিন সিরিজ প্রেজেন্টস এমএএইচএক্স (ম্যাক্স) রিপাবলিক’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ৩০০ ফুটসংলগ্ন পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর বেলা ২টা থেকে মূল আয়োজন শুরু হবে। চলতি সপ্তাহ থেকে টিকিফাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। মূল আকর্ষণ হিসেবে জেমস ও পাকিস্তানি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘লেভেল ফাইভ’ এবং ‘নেমেসিস’-কেও মঞ্চে রাখার বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই চূড়ান্ত লাইনআপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের মে ও নভেম্বরে একক কনসার্ট করতে ঢাকায় আসার কথা ছিল জুনুন ব্যান্ডের আলী আজমতের। নভেম্বরের কনসার্টের জন্য তিনি ঢাকায় এসে পৌঁছানোর পর নিরাপত্তা জটিলতায় শো বাতিল হয়।
একই রকম অভিজ্ঞতার মুখে পড়েছিলেন জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদও। গত বছরের এপ্রিলে ঢাকায় পা রাখার পর শেষ মুহূর্তে কনসার্ট না করে তাঁকে ফিরে যেতে হয়েছিল। ঢাকা ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন এই গায়ক। পিছিয়ে ছিল না ‘জাল’ ব্যান্ডও। গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় তাদের কনসার্ট নির্ধারিত থাকলেও অনুষ্ঠানের ঠিক এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিতে এসেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছিল জাল ব্যান্ড; বৃষ্টির কারণে প্রথম দিনে শো স্থগিত হয়। পরদিন যমুনা ফিউচার পার্কে শুরু হলেও দর্শকের বিশৃঙ্খলার কারণে তা বন্ধ রাখতে হয়েছিল।
ইএইচ/