বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
পকেটে ১০ হাজার রুপি নিয়ে যে মানুষটি একদিন বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আজ তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। বলছি আয়ুষ্মান খুরানার কথা। আজ ১৪ সেপ্টেম্বর অভিনেতা পা রাখলেন জীবনের ৪২তম বসন্তে। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও বেশ নাম রয়েছে। তবে আজকের এই সাফল্যের শিখরে পৌঁছানোর পথটি একেবারেই মসৃণ ছিল না।
চলচ্চিত্র দুনিয়ায় আসার অনেক আগে থেকে ক্যামেরার পেছনে নিজের অবস্থান তৈরি করছিলেন আয়ুষ্মান। মঞ্চ নাটক, রেডিওর কণ্ঠশিল্পী কিংবা ছোটপর্দার উপস্থাপনা— সব মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০০৪ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’ জিতে প্রথম লাইমলাইটে আসেন তিনি। এরপর সঞ্চালক হিসেবে বেশ পরিচির পান। একের পর এক কাজের মাধ্যমে বিনোদন জগতে নিজের শক্ত ভিত তৈরি করলেও বড়পর্দায় জায়গা করে নিতে তাঁকে বেশ সংগ্রাম করতে হয়েছে।

২০১২ সালে পরিচালক সুজিত সরকার নির্মিত ‘ভিকি ডোনার’ ছবিতে শুক্রাণু দাতার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন আয়ুষ্মান। অভিনয়ের পাশাপাশি ছবির ‘পানি দা রং’ গানে কণ্ঠ দেন অভিনেতা। এই গান রাতারাতি তাঁকে এনে দেয় তারকাখ্যাতি। প্রথম ছবির জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার নিজের ঝুলিতে ভরেন।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘দম লগা কে হইশা’, ‘বরেলী কি বরফী’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বধাই হো’, ‘আর্টিকল ১৫’, ‘ড্রিম গার্ল’ কিংবা ‘বালা’-এর মতো একের পর এক ব্যবসা সফল ছবিতে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে ‘অন্ধাধুন’ ছবি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করেন।

ব্যক্তিগত জীবনেও বেশ গোছাল মানুষ আয়ুষ্মান। শৈশবের বন্ধু তাহিরা কশ্যপকে ২০০৮ সালে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা। তাহিরা পেশায় লেখিকা ও চলচ্চিত্র নির্মাতা। বিয়ের কয়েক বছর পর তাহিরা ক্যানসারে আক্রান্ত হন। সেই সময় স্ত্রীর পাশে ছায়ার মতো ছিলেন আয়ুষ্মান। শত প্রতিকূলতায়ও একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। এজন্য বলিপাড়ায় তাদের জুটিকে ‘পাওয়ার কাপল’ বলে ডাকা হয়।
পরিশ্রম আর মেধার জোরে বদলেছে আয়ুষ্মানের অভিনয় জীবন, তেমনি পাল্টে গেছে তাঁর আর্থিক অবস্থাও। একসময় নিজেই রসিকতা করে জানিয়েছিলেন, বিয়ের পিঁড়িতে বসার সময় তাঁর ব্যাংকে জমা ছিল মাত্র ১০ হাজার রুপি। অথচ বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা ও প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি রুপি। ছবিপ্রতি ৮ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া এই তারকা বর্তমানে বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তি ও ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমেও বিপুল আয় করছেন।
ইএইচ/