বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য লাস্ট এম্পারর’-এর প্রযোজক জেরেমি থমাস আর নেই। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে অক্সফোর্ডশায়ারের নিজ দেশের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
জেরেমির মৃত্যুর বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার।
দীর্ঘ পাঁচ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে জেরেমি ৮০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নাগিশা ওশিমার ‘মেরি ক্রিসমাস মি. লরেন্স’, বার্নার্দো বার্তোলুচ্চির অস্কারজয়ী ‘দ্য লাস্ট এম্পারর’, জোনাথান গ্লেজারের ‘সেক্সি বিস্ট’ এবং ডেভিড ক্রোনেনবার্গের ‘ক্র্যাশ’।
চলচ্চিত্রের প্রতি তাঁর নিবেদন ও অনুরাগ কেবল পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সিনেমাকে তিনি জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন। ভিন্নধারার চলচ্চিত্র নির্মাতাদের কাজের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন এই প্রযোজক।
মৃত্যুকালে তিনি স্ত্রী এস্কি থমাস এবং তিন সন্তান—জেসিকা, জ্যাক ও জোশুকে রেখে গেছেন। তাঁর প্রয়াণে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ/