বিনোদন প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
সম্প্রতি ‘লজ্জা’ নামের এক সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া ও আজমেরী হক বাঁধন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটির পরিচালক এমএইচ খোকন। গল্প লিখেছেন আবদুল আজিজ।
সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে জানায়, গেল শনিবার (৫ সেপ্টেম্বর) চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আগামী ২০ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা।
এদিকে ২০২৪ সালের ৮ মার্চ নারী দিবসে সামাজিক মাধ্যমে ‘লজ্জা’ নামের একটি সিনেমার ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থাটির ফেসবুকে পেজে প্রকাশ করা হয় ছবির চুক্তিপত্রের ছবি। চুক্তিপত্রের তথ্য অনুযায়ী গল্প চিত্রনাট্যের পাশাপাশি ছবিটি পরিচালনার কথা ছিল জাজ কর্ণধার আবদুল আজিজের।
ওই পোস্টে জানান হয়েছিল, পথচলার শুরু থেকেই নির্মাণে নারীকেন্দ্রিক সিনেমাকে প্রাধান্য দেয় জাজ। প্রতিষ্ঠানটির কয়েকটি সিনেমার নাম ধরে লেখা হয়েছিল, ‘‘আজ বিশ্ব নারী দিবস। জাজ যখন নিজে প্রডাকশন করে, তখন তার গল্পগুলো মূলত নারীকেন্দ্রিক হয়। যেমন ‘অগ্নি’, ‘অনেক সাধের ময়না’, ‘তবু ভালোবাসি’, ‘ভালোবাসা আজকাল’, ‘ভালোবাসার রং’সহ অনেক সিনেমা । গত ঈদে দুইটা সিনেমা মুক্তি দিয়েছি, ‘জ্বিন’ ও ‘পাপ’– দুটোই নারী কেন্দ্রিক সিনেমা।’’
এরপর সিনেমার ঘোষণা দিয়ে আরও লেখা হয়েছিল, ‘‘আজ নারী দিবস উপলক্ষে একটি নারী ভিক্তিক সিনেমার ঘোষণা দিচ্ছি ।সিনেমার নাম ‘লজ্জা’। শুটিং শুরু ২৫শে এপ্রিল, ২০২৪। শুটিং শেষ ২৪ শে মে, ২০২৪।’’
জানানো হয়েছিল সিনেমাটিতে নায়ক খলনায়ক সবাই নারী শিল্পী। লেখা হয়েছিল, ‘এই সিনেমাতে কোনো নায়ক নেই । নায়ক বলেন ভিলেন বলেন সবই নারী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে চমক আছে উল্লেখ করে লেখা হয়েছিল, কাস্টিংয়ে আছে বিশাল এক চমক । এমনই চমক, যা চিন্তার বাইরে। ওনার সাথে আজ জাজের চুক্তি হলো। শুটিং শুরুর আগে মহরতের সময় তাকে পরিচয় করানো হবে বলে পোস্টে উল্লেখ ছিল।’
এরপর আড়াই বছর কেটে গেলেও সিনেমাটি নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এবার একই নামে ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে যাচ্ছে জাজ। তবে কি দুই বছর আগের ‘লজ্জা’ পরিচালক বদলে শুরু হতে যাচ্ছে? উত্তর দেননি জাজের কর্ণধার এবং ছবির গল্পকার আবদুল আজিজ। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এ নিয়ে এখন কিছু বলব না। আনুষ্ঠানিক ঘোষণায় সব জানাব।’
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবিটি সমাজ সচেতনতার গল্পে নির্মিত হতে যাচ্ছে। একটি নির্দিষ্ট সমস্যা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ‘লজ্জা’।
আরআর