বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
পর্দায় বেপোরোয়া সঞ্জয় দত্ত। রাজা-উজির মানার সময় নেই তার। এবার বাস্তবেও সেরকম চিত্র। ফিরিয়ে দিলেন মন্ত্রীর অনুরোধ। ভারতের মহারাষ্ট্রে এক অনুষ্ঠানের ঘটনা। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
খুলে বলা যাক। মহারাষ্ট্রের বাসিন্দাদের মারাঠি জানতেই হবে। এতটাই কড়াকড়ি যে সেখানকার গাড়িচালকদের জন্যও মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র রাজ্য পরিবহণ দফতর। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে কথা বলার সময় সঞ্জয়কেও মারাঠি ভাষায় বলার অনুরোধ করলে মন্ত্রীর অনুরোধ ফিরিয়ে দেন তিনি।
গতকাল রোববার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেন সঞ্জয়। সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইক। অনুষ্ঠান চলাকালীন অভিনেতাকে মারাঠিতে কথা বলার অনুরোধ করেন মন্ত্রী। বলেন, ‘আজকাল আমি সবাইকে মারাঠি শেখাচ্ছি। তাই ভাবলাম উনি যেহেতু এখানে এসেছেন এবার সঞ্জয় দত্তকেও মারাঠিতে কথা বলতে বলি।’
তবে মন্ত্রীর কথায় সায় দেননি সঞ্জয়। তিনিও রসিকতার মাধ্যমে সামলে নেন বিষয়টি। বলেন, ‘প্রতাপ ভাই, আমি ছয় বছর জেলে ছিলাম। তখনও মারাঠি শিখতে পারিনি। একটু শিখেছিলাম।’ এ সময় মন্ত্রীর কাঁধে হাত রেখে খলনায়ক বলেন, ‘প্রতাপ ভাই আমাকে এখানে ডেকেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সম্পর্ক অনেক পুরনো। প্রায় ২৫ বছর হয়ে গেল।’
সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ঘটনার ভিডিও। মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কারও কথায়, মহারাষ্ট্রে সারাজীবন বসবাস করার পরও তিনি মারাঠি বলতে পারেন না, এটি অত্যন্ত হতাশাজনক। আবার কেউ কেউ রসিকতার মাধ্যমে পরিস্থিতি সামলে নেওয়ায় প্রশংসা করেছেন সঞ্জয়ের।
আরআর