Dhaka Mail Logo

বিনোদন

রাত বারোটায় আমার স্ত্রী সারপ্রাইজ দিয়েছে: আবুল হায়াত 

বিনোদন প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

আজ ৭ সেপ্টেম্বর একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াতের জন্মদিন। ৮২ পেরোলেন তিনি। নন্দিত এ অভিনেতার কাছে জন্মদিন মানে নতুন জীবনের প্রথম দিন। ঢাকা মেইলকে জানালেন দিনটিতে বিশেষ কোনো আয়োজন না থাকলেও শুরুটা হয়েছে চমকের মাধ্যমে। 

আবুল হায়াতের কথায়, ‘দিনটিতে সেরকম কোনো আয়োজন নেই। তবে রাত বারোটায় আমার স্ত্রী আমাকে সারপ্রাইজ দিয়েছে। বাসায় কেক, ফুল, মোমবাতি দিয়ে আয়োজন করেছিল। আমি কিছুই জানতাম না। মেয়েরাও ফোন করে শুভেচ্ছা জানিয়েছে। সকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিলাম। সেখানে অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাল। গিফট দিল।’ 

abul-2-20220907131117

আবুল হায়াতের দুই কন্যা বিপাশা হায়াত ও নাতাশা হায়াত দেশের বাইরে থিতু হয়েছেন। ফলে জন্মদিনে তাদের কাছে পান না অভিনেতা। এজন্য মনটা ভার থাকে। এবারও দুই সন্তান বাইরে। তবে মন খারাপের সুযোগ নেই। কারণ জানিয়ে বলেন, ‘বিপাশা-নাতাশা বাইরে থাকায় মনটা খারাপ থাকে। তবে এবার বিপাশা দুই মাস দেশে ছিল। সাতদিন হলো গেছে। তাছাড়া কেক কাটার সময় ফোনে যুক্ত ছিল। ফলে মন খারাপের সুযোগটা ছিল না।’ 

জন্মদিনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা। বললেন, ‘মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। তাঁকে ধন্যবাদ। কেননা চলে যাওয়া দিনগুলোতে তিনি ভালো রেখেছিলেন। এখনও ভালো আছি। সুন্দর একটি দিন কাটাচ্ছি। ভবিষ্যতের জন্য যেন ভালো কিছু চিন্তা করতে পারি। সে সুযোগ যেন তিনি আমাকে দেন।’ 

abul-20220907131157

জন্মদিন আবুল হায়াতের কাছে বিশেষ। তার কথায়, ‘সবগুলো জন্মদিনই আমার কাছে বিশেষ মনে হয়। এটাই হওয়া স্বাভাবিক। তারপরও যখন নাতি-নাতনিরা উইশ করে তখন আলাদা একটা মাধুর্য যোগ হয়।’

১৯৪৪ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। দেশ ভাগের পর চট্টগ্রাম চলে আসে তার পরিবার। এ অভিনেতা শিক্ষাজীবন সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। ১৯৬৮ সালে ‘ইডিপাস’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে নাম লেখান তিনি। 

আরআর