Dhaka Mail Logo

বিনোদন

সৃজিত জানালেন একাকীত্ব বোধ করেন, তবে কি মিথিলার সঙ্গে বিচ্ছেদ? 

বিনোদন ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

বিয়ের পরপরই বিচ্ছেদের গুঞ্জন পিছু নেয় সৃজিত-মিথিলার। দিন গড়াতে আরও প্রকট হয় তা। মিথিলা এ নিয়ে মুখ না খুললেও এবার সৃজিত নিজেই স্বীকার করলেন সঙ্গীর অভাবে ভুগছেন তিনি। তবে কি আসলেই বিচ্ছেদ হয়েছে মিথিলার সঙ্গে? ফের মাথাচাড়া দিয়েছে প্রশ্নটি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সৃজিত। সেখানেই জানিয়েছেন নিঃসঙ্গতায় ভোগার কথা। ওই অনুষ্ঠানে উপস্থাপিকা নির্মাতাকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি একাকীত্ব বোধ করো?’ সৃজিতের স্পষ্ট উত্তর, ‘কখনও কখনও করি... হ্যাঁ, কখনও কখনও।’

তবে একাকীত্ব কাটানোর টোটকাও রয়েছে বলে জানান দশম অবতারের পরিচালক। খেলাধুলা, কাজ আর আড্ডায় মন দেন তখন। নির্মাতার কথায়, ‘কখনও কখনও কাজ, গান, ক্রিকেট আর বন্ধুরা... আমার পৃথিবীকে আলোকময় করে তোলে।’

সে যাই হোক বিবাহিত সৃজিতের মুখে সঙ্গীর অভাব যেন মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনকে নতুন করে উসকে দিল। তাতে ঘি-ও ঢেলেছেন সৃজিত। জানিয়েছেন প্রাক্তনদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা। সেইসঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সম্পর্কের কথাও। ফলে মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে নির্মাতার অনুরাগীর পাশাপাশি নিন্দুকদের মনে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। যদিও বিচ্ছেদ নিয়ে কিছু বলেননি পরিচালক। 

রাফিয়াত রাশিদ মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।

আরআর