Dhaka Mail Logo

বিনোদন

উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শুভেন্দু

বিনোদন ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে কলকাতার নিউটাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল সন্ধ্যায় ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে টলিউড তারকা ছাড়াও বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেগা প্রকল্পের জন্য ২৫ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের জন্য নির্ধারিত জমির মাটির পরীক্ষা এবং জমি নির্বাচন শেষ হয়েছে। পুরো ফিল্ম সেন্টারটি তিনটি প্রধান ভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগে থাকছে প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট, পার্কিং ব্যবস্থা এবং ৭৫০ আসনের দুটি আধুনিক সিনেমা হল। দ্বিতীয় ভাগে তৈরি হচ্ছে ১০০০ আসনের একটি সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ এবং একটি ওপেন থিয়েটার। তৃতীয় অংশে থাকছে আধুনিক ল্যাব ও অ্যানিমেশন স্টুডিওসহ একাধিক যুগোপযোগী সুবিধা।

image

উত্তম কুমারের জন্মদিনের প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘জন্মাষ্টমীর তিথিতে মহানায়কের জন্ম হয়েছিল।’ শুভেন্দু অধিকারী জানান, ব্যস্ততার কারণে তিনি নিজে সব সময় সময় দিতে না পারলেও তাঁর বোন তথা প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী পুরো বিষয়টি দেখাশোনা করছেন। ফিল্ম সেন্টার প্রকল্প বাস্তবায়নের পেছনে অভিনেতা রঞ্জিত মল্লিকের উৎসাহ তাঁদের কাজের বড় শক্তি বলে উল্লেখ করে তিনি। মুখ্যমন্ত্রীর ভাষ্য, ‘রঞ্জিত দাদার উৎসাহই আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার বড় অনুপ্রেরণা।’

অনুষ্ঠানে শুভেন্দু জানান, শিগগিরই অভিনেতা মিঠুনকে রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে। 

image

তিনি আরও বলেন, ‘আজ থেকে দুইশো বছর পর আমরা কেউ থাকব না। কিন্তু এমন একটা কিছু তৈরি করে রেখে যেতে হবে যা দেখে বাংলা ও বাঙালি আজীবন গর্ব করতে পারে।’

উত্তম কুমারের জন্মবার্ষিকীতে চারদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, অর্জুন সিংহ, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীসহ অনেকে। 

ইএইচ/