আজ ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ। এদিন সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকে স্মৃতিচারণ করছেন তাকে নিয়ে। সে তালিকায় নাম উঠল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অভিনেতার জন্মশতবর্ষে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে উত্তমের কোলে ছোট্ট প্রসেনজিৎকে দেখা গেছে।
ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, ‘উত্তম কুমার কোনোদিনই বাঙালির কাছে অতীত হয়ে যাননি। তিনি আমাদের চিরকালের বর্তমান আমাদের স্মৃতি, আবেগ আর বাঙালিয়ানার এক অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম তাঁর অভিনয়কে নতুন করে আবিষ্কার করেছে, আর তাঁর প্রতি ভালোবাসা আজও একই রকম অমলিন। শতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা ও ভালোবাসা।’
উত্তমের কোলে প্রিয় বুম্বাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। নানারকম মন্তব্য করছেন তারা। কেউ হচ্ছেন অবাক। আবার কেউ কেউ মহানয়ককে জন্মশত বর্ষের শুভেচ্ছাও জানাচ্ছেন।
মহানায়কের জন্মশতবর্ষে টালিগঞ্জে চলছে মহা আয়োজন। তাতে যোগ দিয়েছেন নেতা থেকে অভিনেতা সবাই। প্রসেনজিৎও ছিলেন সেখানে। অভিনেতার ভাস্কর্যে মালা দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরআর




