বিনোদন প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
সামাজিক মাধ্যমে তারকাদের হেনস্তার ঘটনা নতুন না। এবার বিড়ম্বনার শিকার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অর্ডার ছাড়াই পার্সেল নিয়ে একের পর এক ডেলিভারি ম্যান হাজির হচ্ছে তার দরজায়।
সামাজিক মাধ্যমে খবরটি জয় নিজেই নিশ্চিত করেছেন। অভিনেতার দাবি, প্রোডাক্ট ডেলিভারির অনলাইন গ্রুপে কেউ একজন তার বাসার ঠিকানা ও ফোন নাম্বার ফাঁস করেছেন। সে কারণেই বিভিন্ন পার্সেল পেজ থেকে আসছে ফোন, দরজায় কড়া নাড়ছে ডেলিভারিম্যান।
বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে আজ বুধবার জয় লেখেন, ‘মানুষের ক্ষতি করার জন্য কেউ কেউ অকারণে ওত পেতে থাকে। আমি আশ্চর্য হয়ে গেলাম আমার ফোন নাম্বার এবং বাসার এড্রেস প্রোডাক্ট ডেলিভারির অনলাইন গ্রুপে কেউ একজন সক্রিয়ভাবে দিয়ে দিয়েছেন বা এখনও দিয়ে যাচ্ছেন।’
যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ফোন নাম্বার ব্লক করে রেখেছেন উল্লেখ করে জয় লেখেন, ‘অনবরত আমার ফোনে বিভিন্ন পার্সেল পেজ থেকে ফোন আসছে। আমি ফোন নাম্বার ব্লক করে রেখেছি। এরপর দেখলাম পার্সেল নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসছে ডেলিভারি ম্যান। একের পর এক। কোন অর্ডার আমি করিনি।’
বিষয়টিকে অপরাধ বলে মনে করছেন এ উপস্থাপক ও অভিনেতা। তার কথায়, ‘এটা এক ধরনের সাইবার ক্রাইম। যে আমার নাম্বার দিয়ে এই কাজটা করেছে কিংবা এখনও করছে তাকে ধরার জন্য আমি কি করতে পারি? কারণ ডেলিভারি দিতে এসে ডাকাতি করে নিয়ে গেলে কিংবা মানুষ মেরে ফেললেও কিছু করার নেই। এই বিড়ম্বনা থেকে আমি মুক্তি চাই। এ ব্যাপারে কেউ সহযোগিতা করতে পারলে আমাকে সহযোগিতা করেন।’
এদিকে জয়ের পোস্টের কমেন্ট বক্সে নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। যাদের অনেকে অভিনেতাকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ দিয়েছে সাবধানে থাকার উপদেশ।
জয়ের এ দুর্ভোগ কারও কাছে হয়ে উঠেছে হাস্যরসের খোরাক। একজন বলেছেন ডেলিভারি ম্যানকে আটকে রেখে চাবুক পেটা করতে। কেউ লিখেছেন, ‘সবই ওমর সানি ভাইয়ের ষড়যন্ত্র।’ অন্য একজনের কথায়, ‘অ্যাডলফ খান পেছনে লেগেছেন।’ তবে সেসবের কোনো জবাব দেননি জয়। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি জয়কে।
আরআর