Dhaka Mail Logo

বিনোদন

নেপালের বন্যায় সাহায্যের হাত বাড়ালেন যেসব তারকা

বিনোদন ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

গত ২৬ আগস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের কারণে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় উদ্ধারকাজ চলমান রয়েছে। চরম সংকটের মুহূর্তে নেপালের পাশে দাঁড়িয়েছেন কে-পপ তারকা থেকে শুরু করে বলিউড ও নেপালের জনপ্রিয় শিল্পীরা।

নেপালের পাশে সোনু সুদ

যেখানেই বিপর্যায় সেখানেই হাজির বলিউড অভিনেতা সোনু সুদ। তারই ধারাবাহিকতায় নেপালের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। আগামী কয়েক মাস ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাঁদের। সোনু বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসেছি। ভারত থেকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে থাকাই আমাদের লক্ষ্য। তাঁদের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করব।’

লি ইউর অনুদান

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘স্ট্রে কিডস’-এর সদস্য লি ইউ নেপাল সরকারের ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছেন। জেওয়াইপি এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট ‘ওয়ার্ল্ড ভিশন’-এর মাধ্যমে ১০ কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৭২,৬০০ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন এই কে-পপ গায়ক। অনুদানের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর জন্য খাদ্য, অস্থায়ী আশ্রয়শিবির, নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশন সেবা নিশ্চিতে ব্যবহার করা হবে। লি ইউ জানিয়েছেন, তিনি আশা করেন এই কঠিন সময়ে তাঁর সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষদের একটু হলেও উপকারে আসবে। 

কান্দারা ব্যান্ডের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাসরত নেপালি কমিউনিটি, শিল্পী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত এক কনসার্টের মাধ্যমে সংগৃহীত ২১ লাখ নেপালি রুপি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে নেপালের জনপ্রিয় ব্যান্ড ‘কান্দারা’। বিএনএম-এর আয়োজনে এবং কান্দারার আহ্বানে অর্থ সংগ্রহ করা হয়। আটলান্টার অলাভজনক সংস্থা ‘নেপালি অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’-র ব্যাংক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত অর্থ নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে ব্যান্ডটি। কান্দারার প্রতিষ্ঠাতা ও গায়ক বিবেক শ্রেষ্ঠা বলেন, ‘দেশ যখন যন্ত্রণায় কাতর, তখন গান গাওয়া সহজ নয়। আমরা ভেবেছিলাম, এই কঠিন সময়ে সংগীতই হতে পারে মানুষের ব্যথা কমানোর একটা উপায়। তাই বিনোদন বাদ দিয়ে আমরা সেবা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আটলান্টায় থাকা নেপালি ভাই-বোনদের ভালোবাসা ও ঐক্যের জন্য এটা সম্ভব হয়েছে।’

বিশাল মিশ্রের কনসার্টের ঘোষণা

নেপালের মর্মান্তিক পরিস্থিতিতে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক ও সুরকার বিশাল মিশ্র। তিনি ঘোষণা দিয়েছেন, নেপাল এবং ভারতের আসামে পারিশ্রমিক ছাড়া সংগীতানুষ্ঠান করবেন।  কনসার্টগুলোর সমস্ত আয় সরাসরি তুলে দেওয়া হবে বন্যাদুর্গত মানুষের তহবিলে। ইনস্টাগ্রামে লিখেছেন,  ‘যা ঘটে চলেছে তা দেখে আমার মন ভারাক্রান্ত। তাই সিদ্ধান্ত নিয়েছি নেপাল ও আসামে একটি করে কনসার্ট করব। প্রতিটি পয়সা বন্যাত্রাণ ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় করা হবে। কথা দিলাম, খুব শিগগির বিস্তারিত জানানো হবে।’

এদিকে নেপালের পাশের দাঁড়ানোর আহ্ববান জানিয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৌরাল, উদিত নারায়ন,গোবিন্দর স্ত্রী হলেন সুনীতা আহুজাসহ নেপালের শিল্পীরা। 

ইএইচ/