ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। এরইমধ্যে নিখোঁজ অসংখ্য পর্যটক। বন্যার কবলে পড়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খারাজ মুখোপাধ্যায়ও। জঙ্গলে আটকে ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বাংলাদেশের নির্মিতব্য ‘শিকার’ সিনেমায় কাজ করছেন খারাজ। এই ছবির শুটিংয়ে উড়ে গিয়েছিলেন নেপালে। সেখানকার চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলায় চলছিল ছবির দৃশ্যধারণ। ভয়াবহ হড়পা বান এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে তাঁরা আটকে পড়ে স্ত্রীহ অভিনেতা এবং ছবির টিম।
হঠাৎ প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি নদীতে পানি বেড়ে যায়। এরপরই হড়পা বান ও ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর একাধিক অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় অবকাঠামো।
এদিকে খবর পেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। শেষে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ হয় তার। খারাজ জানান, তিনি নিরাপদে আছেন। বলেন, ‘বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ংকর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।’
অভিনেতা আরও বলেন, ‘বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, কালকে শুটিং করছিলাম, ৫ ঘণ্টার মতো আমরা বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে ছিলাম। খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ছিলাম। আমাদের ফেরার কথা ছিল, আজকে অর্থাৎ ২৭ তারিখ সকালে। কাঠমান্ডু থেকে। টিকিটও করা ছিল। খোঁজখবর করে জানতে পারলাম, এখান থেকে সরাসরি গোরক্ষপুর চলে যাওয়া সম্ভব। একমাত্র ওদিকের রাস্তাটাই খোলা আছে। গোরক্ষপুরের রাস্তায় আজকে আমরা বের হব। আজকে কোনো ফ্লাইট নেই। কালকে একটা ফ্লাইট পাব। ওই ফ্লাইটটা ধরার পরিকল্পনা আপাতত।’
‘শিকার’ ছবির পরিচালক কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করছেন অপুবিশ্বাস। অপু-খারাজ ছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক অভিনয়শিল্পী আছেন ছবিটিতে। তাদের মধ্যে রজতাভ অন্যতম।
আরআর




