বিনোদন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
সংগীত ক্যারিয়ারের দীর্ঘ দেড় যুগ পার করলেন জনপ্রিয় গায়ক ও সুরকার ইমরান মাহমুদুল। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতজগতে পা রাখেন এই শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে কোটি শ্রোতাকে বেঁধেছেন সুরের মায়াজালে। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। সম্প্রতি ক্যারিয়ারের ১৮ বছর পূর্তি উপলক্ষে এক আবেগঘন পোস্টে গায়ক জানিয়েছেন, আগামী দিনগুলোতে সবার ভালোবাসাকে পুঁজি করে পথ চলতে চান তিনি।
ইমরান লিখেছেন, “আজ আমার সংগীত জীবনের ১৮ বছর পূর্ণ হলো। আজকের এই দিনে, ১৮ বছর আগে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হয়ে মিডিয়ায় আমার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল। সেদিনের সেই ছোট্ট স্বপ্নটা আজ ১৮ বছরের এক বিশাল যাত্রা। এই ১৮ বছরে পেয়েছি অসংখ্য গান, মঞ্চ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা, অভিমান আর হাজারো স্মৃতি। কিন্তু সবচেয়ে বড় পাওয়া, আপনাদের ভালোবাসা। জানি না দীর্ঘ সময়ে কতটা ভালো গান আপনাদের দিতে পেরেছি। তবে প্রতিটা গান,সুর,মঞ্চ সবসময় হৃদয় দিয়ে করেছি।”

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, “যারা আমার গান শুনেছেন, গেয়েছেন, শেয়ার করেছেন, ভালোবেসেছেন, পাশে থেকেছেন, এমনকি সমালোচনা করেছেন—আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। ১৮ বছর শেষ নয়… এটা শুধু আরেকটা নতুন অধ্যায়ের শুরু। যতদিন কণ্ঠে গান থাকবে, ততদিন গান করে যেতে চাই। আর আপনাদের ভালোবাসা নিয়েই পথটা পাড়ি দিতে চাই। ১৮ ইয়ার্স অব মিউজিক। ১৮ ইয়ার্স অব ড্রিমস। ১৮ ইয়ার্স অব মেমোরিজ। ১৮ ইয়ার্স অব ইওর লাভ। সবাইকে ভালোবাসা। পাশে থাকবেন।”
বলে রাখা ভালো, ইমরান বর্তমানে সংগীত সফরে আমেরিকায় অবস্থান করছেন।