Dhaka Mail Logo

বিনোদন

স্থগিত আইয়ুব বাচ্চুর ২০ গানের অ্যালবাম ‘উত্তরাধিকার’

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

তীব্র সমালোচনার মুখে স্থগিত করা হয়েছে কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্র্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর নতুন গান প্রকাশ। গত ১৬ আগস্ট প্রয়াত শিল্পীর জন্মদিনে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রকাশিত কয়েকটি গানের নতুন সংগীতায়োজন নিয়ে শ্রোতা-ভক্তদের মধ্যে বেশ অসন্তোষ দেখা দেয়। বাচ্চুভক্তদের আপত্তির মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন অ্যালবামের আয়োজকরা। 

গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’ সঙ্গে জড়িত সকল অংশীজনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনায় সিদ্ধান্তে হয় প্রকাশিত চারটি গান অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি অপ্রকাশিত ১৩টি গান আপাতত প্রকাশ করা হবে না।

এ প্রসঙ্গে এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) সবার কাছে একটা আবেগের ব্যাপার। তাঁর কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল করা হবে। তারপর গানগুলো তাঁরা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে।’

এদিকে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার নিশ্চিত করেছেন প্রকল্পটি এই মুহূর্তে স্থগিত রয়েছে। তবে উত্তরাধিকারের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলী আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, আইয়ুব বাচ্চুকে ভালোবেসে এসব গান তাঁদের ট্রিবিউট। এখানে তাঁরা কেউই অর্থনৈতিকভাবে লাভবানও হননি।  গান ভালো না লাগলে সমালোচনা করার অধিকার সবারই আছে, কিন্তু কিংবদন্তির গান অন্য কেউ গাইতে পারবেন না—এমন মানসিকতা এক ধরনের উগ্রবাদী আচরণ বলে মনে করেন তাঁরা।

উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ প্রকল্পের সাতটি গান শ্রোতাদের সামনে আনা হয়েছিল। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয় জনপ্রিয় ‘রুপালি গিটার’ গানটি। এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ গানগুলো মুক্তি পেয়েছিল।

বলে রাখা ভালো, ‘উত্তরাধিকার’ থেকে অর্জিত অর্থ আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরিতে ব্যয় করার কথা ছিল।

ইএইচ/