বাংলা ব্যান্ড সংগীতকে যিনি অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগে পর্যন্ত গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন এই কিংবদন্তি। তার গিটারের জাদুতে মোহিত হয়েছেন শ্রোতা।
আগামীকাল ১৬ আগস্ট এ গিটার যাদুকরের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। এতে এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা। আইয়ুব বাচ্চুর ২০ টি গান নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন।
প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ভাবনা থেকেই ২০টি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের এই উদ্যোগে তার ব্যবহৃত গিটার, পোশাক ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণের স্বপ্নও এগিয়ে যাবে।
আগামীকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যালবামটি প্রকাশ করা হবে। ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে এটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অ্যালবাম থেকে পাওয়া অর্থ যাবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ তৈরির তহবিলে।
জানা গেছে, ব্যান্ডের মধ্যে গান করেছে ‘দলছুট’, ‘আরবোভাইরাস’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘শুভযাত্রা’, ‘ক্যালিপসো’, ‘রকসল্ট’, ‘ডোপামিন’ ও ‘এ কে রাহুল’। আর একক শিল্পীদের মধ্যে গেয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।
আরআর




