বিনোদন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদের পথে হাঁটলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় সোমবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যৌথ বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারকা দম্পতি।
সোমবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা ও ইশা এক বিবৃতিতে জানান, পারস্পরিক বোঝাপড়া ও পূর্ণ সম্মানের মাধ্যমে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাদশার শেয়ার করা বিবৃতিতে বলা হয়, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের মধ্যে সম্মান বজায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কঠিন সময়ে ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি জানিয়েছেন।
চলতি বছরের মার্চ মাসে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা ও ইশা। যদিও দীর্ঘ সময় সম্পর্কটি আড়ালে রাখার পর চলতি বছরের জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইশা প্রথমবার তাঁদের বিয়ের কথা স্বীকার করেছিলেন। কিন্তু বিয়ের পর পরই ছন্দপতন ঘটে। গত জুলাই মাস থেকে তাঁদের দাম্পত্য কলহ নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ২৬ জুলাই ইশা তাঁর ও বাদশার কিছু ছবি ও ভিডিওর একটি কোলাজ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা দেয়। প্রতিটি প্রার্থনাই আশা’। এর সঙ্গে একটি ভাঙা মন ও হাত জোড় করার ইমোজি যুক্ত করেন।

উল্লেখ্য, এটি ছিল বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। প্রথম পক্ষে বাদশাহ ও জেসমিনের ‘জেসমি গ্রেস মসিহ সিং’ নামের এক কন্যাসন্তান রয়েছে।
কে এই ইশা রিখি?
ইশা রিখি একজন পাঞ্জাবি অভিনেত্রী এবং মডেল। ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত্ত জাটান দে’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে তিনি ‘হ্যাপি গো লাকি’, ‘মেরে ইয়ার কামিনে’, ‘হোয়াট দ্য জাট’, ‘আরদাস’-এর মতো পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন।
ইএইচ/