Dhaka Mail Logo

বিনোদন

‘সমঝোতা ও ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ’ খবরে ক্ষুব্ধ তিশা, খুললেন মুখ 

বিনোদন ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

গেল শনিবার দিবাগত রাতে শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী তাসনুভা তিশা। সামাজিক মাধ্যমে খবরটি তিনি নিজেই জানান। সেদিন রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে খবরটি দেন তিনি। 

ওই লাইভে তিশাকে বলতে শোনা যায়, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।’ তিশা জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।

গাড়ির ক্ষতি হয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’

ঘটনার পরদিন কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, ‘সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন তিশা’ শিরোনামে খবর। এতে ক্ষুব্ধ তিশা। সামাজিক মাধ্যমে সে ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ সমবার নিজের ফেসবুকে দেওয়া পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ডের স্ক্রিনশট প্রকাশ করে ক্ষুব্ধ তিশা দাবি করেন, খবরটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও হতাশাজনক। এরপর অভিনেত্রী লেখেন, ‘প্রকৃত ঘটনাটি সবার সামনে পরিষ্কার করা প্রয়োজন। প্রথমত, সংবাদে বলা হয়েছে আমি আহত হইনি, যা সম্পূর্ণ মিথ্যা। ওই দুর্ঘটনায় আমি এবং আমার সহকারী, দুজনেই আহত হয়েছি। তাছাড়া যে গাড়িটিতে আমরা ছিলাম, সেটি আমার ব্যক্তিগত গাড়ি ছিল না, বরং একটি ভাড়া করা গাড়ি ছিল।’

তিশার কথায়, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিক-আপের মালিকপক্ষের মানুষজন আমাদের প্রতি চরম মারমুখী আচরণ করছিল। সেই ভয়ংকর পরিস্থিতিতেও আমি আমার দায়িত্ববোধ থেকে একজন নারী হয়েও একা ওই ভাড়া গাড়ির চালকের পক্ষে লড়াই করেছি।’ 

এরপর ক্ষতিপূরণ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে চালকের জন্য সামান্য কিছু ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়। কিন্তু সেই টাকায় গাড়ির আসল ক্ষতির কিছুই পূরণ হতো না দেখে, উল্টো আমি নিজের পকেট থেকে চালককে আরও কিছু টাকা দিয়ে আসি।’ 

আরআর