বিনোদন প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম
গেল রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’। প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি ছবিটি। ফলে শুরুতেই হোঁচট খায় প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড। সে ধাক্কা সামলে নতুন সিনেমা নিয়ে এগুচ্ছে প্রতিষ্ঠানটি। তবে নায়ক হিসেবে এবার আর শাকিবকে ভাবছে না তারা। খবরটি জানিয়েছেন ‘প্রিন্স’ প্রযোজক শিরিন সুলতানা।
ঢাকা মেইলকে শিরিন সুলতানা বলেন, ‘নতুন সিনেমা নিয়ে ভাবছি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে জানানোর অবস্থায় নেই। স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। সেটি সম্পন্ন হলে সব গুছিয়ে সবাইকে জানাব।’

এবারও কি শাকিব খান হচ্ছেন ক্রিয়েটিভ ল্যান্ডের সিনেমার নায়ক— জানতে চাইলে নাকচ করলেন প্রযোজক। বললেন, ‘আপাতত আমরা শাকিব ভাইকে নিয়ে ভাবছি না। তাছাড়া উনিও নিজে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত।’
শিরিন সুলতানা জানালেন অন্য ঘরানার সিনেমা নিয়ে এবার কাজ করছেন তিনি; যা এর আগে দুই বাংলায় তৈরি হয়নি। বললেন, ‘শুধু অ্যাকশন কিংবা প্রেমের গল্প এবারের বিষয়বস্তু না। সবকিছু-ই থাকবে। তবে এবার যে জনরা নিয়ে ভাবছি সে জনরায় এর আগে দুই বাংলায় সিনেমা হয়নি।’

কবে নাগাদ শুরু হতে পারে শুটিং— জানতে চাইলে নির্দিষ্ট সময় বললেন না। জানালেন স্ক্রিপ্টিং চলছে। শেষ হলে গল্প অনুযায়ী শিল্পী বাছাই চলবে। এরপর আনুষ্ঠানিকভাবে জানাবেন সব।
‘প্রিন্স’ নির্মাণ করা হয় ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে । ছবির পরিচালক ছিলেন আবু হায়াত মাহমুদ। তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ এবং টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে খল চরিত্রে দেখা গেছে বলিউডের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে।
আরআর