Dhaka Mail Logo

বিনোদন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় ইউটিউবারের

বিনোদন ডেস্ক

২৮ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ছবি ভার্শনে এবং তাঁর মা সারিকা। গত মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে মধ্যপ্রদেশের উজ্জয়িনী-গরোথ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

তীর্থযাত্রার উদ্দেশ্যে পরিবার নিয়ে উত্তর প্রদেশ থেকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের যাওয়ার সময় তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে রামখেড়ি গ্রামের কাছাকাছি পৌঁছানোর পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনের একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে যাত্রীবাহী গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে। তবে ঘটনাস্থলে মারা যান কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তাঁর মা সারিকা। 

দুর্ঘটনায় গাড়িতে থাকা অন্য তিনযাত্রী—সুরজপাল, শচীন ও শ্যাম গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগর জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ ঘটনায় বারোদ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, নিহত ছবি ভার্শনে উত্তর প্রদেশের হাথরাস জেলার মহাউ খাস গ্রামের বাসিন্দা ছিলেন। ২০২১ সালে তিনি ইউটিউব যাত্রা শুরু করেন। তাঁর ইউটিউব চ্যানেলে সাত লাখেরও বেশি সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে দুই লাখ অনুসারী ছিল।

ইএইচ/