Dhaka Mail Logo

বিনোদন

জিম থেকে বের হতেই গুলিতে ঝাঁঝরা গায়ক 

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

গাড়িতে বসে গাইছিলেন ‘মার্ডার মার দে সড়ক কে ওপর।’ বাংলা করলে দাঁড়ায় রাস্তার ওপর মেরে ফেলো। কে জানত সত্যি কথাই তাকে দিয়ে গাইয়ে নিচ্ছিল নিয়তি! কেননা দুই ঘণ্টা পর সড়কে গুলি করে মারা হয় ভারতের হরিয়ানার জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্কিত বালিয়ানকে। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল ২৬ আগস্ট উত্তর প্রদেশের শামলি জেলায় ঘটে ঘটনাটি। পুলিশ জানিয়েছে, সেদিন শরীরচর্চা শেষ করে জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন অঙ্কিত। জিম থেকে মাত্র ২০ থেকে ২৫ মিটার দূরে পৌঁছাতেই হামলা হয়। আততায়ীরা দ্রুত গুলি চালিয়ে বাইকে চেপে পালিয়ে যায়। 

তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় অঙ্কিতকে। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে একাধিক পুলিশ দলও তৈরি করা হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে অঙ্কিতের মৃত্যুর দায় স্বীকার করেছে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর সঙ্গে যুক্ত ‘গোগী গ্যাং’। তাদের দাবি, রোহিনী আদালতে খুন হওয়া গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে নিয়ে একটি গান বানিয়েছিলেন অঙ্কিত। এ মৃত্যু তারই প্রতিশোধ। শামলী পুলিশ বর্তমানে এ পোস্টের সত্যতা যাচাই করছে।

সংগীতের পাশাপাশি রাজনীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সোচ্চার ছিলেন অঙ্কিত। রাজনীতি বিষয়ক একটি পডকাস্ট ও ভ্লগিংয়ে পরিচিত ছিলেন তিনি। সক্রিয় রাজনীতিতে নামার গুঞ্জনও উঠেছিল তার।

এদিকে অঙ্কিতের মৃত্যুর আগের পোস্ট এরইমধ্যে হয়েছে ভাইরাল। চলে যাওয়ার দুই ঘণ্টা আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়ক। সেখানে তাকে দেখা যায় গাড়িতে বসে নিজের জনপ্রিয় গান ‘মার্ডার মার দে সড়ক কে ওপর।’ গাইছিলেন তিনি। এরপর-ই আততায়ীর গুলিতে সড়কে প্রাণ হারান গায়ক।  

আরআর