Dhaka Mail Logo

বিনোদন

জন্মদিনে ‘মহানগর ৩’-এর ইঙ্গিত দিলেন আশফাক নিপুণ  

বিনোদন ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নিজের জন্মদিনে এক ভিডিও বার্তায় ‘মহানগর ৩’ নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন সিরিজের নির্মাতা আশফাক নিপুণ। 

আজ ২৬ আগস্ট নির্মাতার জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা জানানোর জন্য ভিডিওর শুরুতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। যারা এখনও জন্মদিনের শুভেচ্ছা জানাননি তাদেরকে শুভেচ্ছা পাঠাতে অনুরোধ করেন। সবশেষে চমক দিয়ে নিপুণ বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কীসের চিত্রনাট্য লেখার কথা বলেছেন তা বুঝতে ভক্তদের এক মুহূর্তও দেরি হয়নি। কারণ ভিডিওর শেষ নির্মাতা নিজেই রহস্যের পর্দা ফাঁস করেছেন। নিপুণ নিজের কণ্ঠে গেয়ে শোনান ‘মহানগর’ সিরিজের জনপ্রিয় আবহসংগীত। আর তাতেই স্পষ্ট হয়ে যায়, বহুল প্রতীক্ষিত ‘মহানগর ৩’-এর কাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে। তবে কবে নাগাদ শুটিং শুরু করবেন সে বিষয়ে নির্মাতা কিছু খোলাসা করেননি।

সিরিজের মূল আকর্ষণ অভিনেতা মোশাররফ করিম। দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। তৃতীয় সিজনেও দেখা মিলবে এই অভিনেতাকে। পাশাপাশি গুঞ্জন রয়েছে, নতুন সিজনে বিশেষ চমক হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও যুক্ত হতে পারেন।  

ইএইচ/