বিনোদন ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন শপিং পেজ ও উপহারের শাড়ির প্রচার নিয়ে মিডিয়াপাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে বিপাকে পড়েন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে প্রাতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে বান্ধীর কাছে থেকে শাড়ী উপহার পেয়ে অস্বস্তিতে পড়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সোমবার এক পোস্টে তিনি জানান, শাড়ী উপহার পেয়ে খুশি হয়েছিলেন। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। উপহার দেওয়ার কিছুক্ষণ পর সেই বান্ধবী মেসেজ দিয়ে শাড়ি পরে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করার অনুরোধ জানান।
অভিনেত্রী আরও জানান, শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বাধ্য হয়ে শাড়িটি পরে ছবি তুলে ওই বন্ধুকে পাঠান। যাতে তারা তাদের ইচ্ছেমতো পোস্ট করতে পারেন। কিন্তু ঝামেলা এখানেই শেষ হয়নি; পরবর্তীতে নির্দিষ্ট পেজকে ট্যাগ দিয়ে যেন নিজের আইডি থেকে পোস্ট আবদার করে বসেন দীপার বান্ধবী।
এ ঘটনায় দীপা রসিকতা করে লিখেছেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’
দীপার পোস্টের মন্তব্যের ঘরে তিশা লিখেছেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন!কোনো চিন্তা করবেন না। আমি লড়াই করার জন্য আছি। আল্লাহ ভরসা।’
উল্লেখ্য, সম্প্রতি অনলাইন শপিং পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেওয়ার পর প্রচার ও মূল্য পরিশোধ নিয়ে বিরোধের জেরে অভিনেত্রী তিশার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছিল। যা নিয়ে মিডিয়াপাড়ায় শুরু হয় তুমুল আলোচনা। তিশার দাবি, শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল। প্রাতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
ইএইচ/