বিনোদন ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম
ক্যারিয়ারের শুরুতেই নজর কাড়েন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তবে পর্দায় সুযোগ সহজে মেলেনি অভিনেতার। ১০ ঘণ্টাও অডিশন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ঘুরতে হয়েছে দরজায় দরজায়, পাল্টাতে হয়েছে বাবার পদবী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সে সংগ্রামের কথা জানিয়েছিলেন বিবেক। অভিনয়ে সুযোগ পেতে দুই বছর দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে তাকে। বিভিন্ন প্রযোজনা সংস্থার অফিসে যেতেন। কোনো কোনো দিন ৬-১০ ঘণ্টাও অডিশনের লাইনে দাঁড়িয়ে থাকতেন। একের পর এক প্রত্যাখান জুটছিল কপালে।
_20260824_124641723.jpg)
এতকিছুর পরও ভেঙে পড়েননি বিবেক। অভিনয়ে সুযোগ পেতে বাদ দিয়েছিলেন বাবার পদবী। বিবেক আনন্দ নাম নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে যেতেন তিনি। এমনকি বাবার প্রযোজনায় অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে সুযোগ মেলে রামগোপাল ভার্মার ‘কোম্পানি’ ছবিতে।
সন্তানকে সুযোগ করে দিতে ঘাম ঝরিয়েছেন বিবেকের বাবা বর্ষীয়ান অভিনেতা সুরেশ ওবেরয়ও। একসময় অভিনয়ে সুযোগ পেতে নিজেও সংগ্রাম করেছেন। পুত্রকে জায়গা করে দিতেও বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ। সে স্মৃতিচারণ করে সুরেশ বলেন, “ওর জন্য আবার সংগ্রাম করতে হয়েছিল। দরজায় দরজায় ঘুরেছি। আগে যেমন একটা সময়ে নিজের ছবি নিয়ে ঘুরেছি। পরে বিবেকের ছবি নিয়েও ঘুরতাম।”
_20260824_124735082.jpg)
সে সময় রামগোপালের সঙ্গে কাজ করছিলেন সুরেশ। পরিচালক ‘কোম্পানি’ ছবির জন্য অভিনেতা খুঁজছিলেন। সহকর্মীর ছেলের কথা শুনে সুরেশের বাড়ি যান তার অভিনয় দেখতে। বিবেক মুগ্ধ করেন পরিচালককে। ফলস্বরূপ ‘কোম্পানি’তে গ্যাংস্টার চন্দ্রকান্ত নাগরের চরিত্রে সুযোগ পান তিনি। প্রথম সিনেমায় সহশিল্পী হিসেবে পান অজয় দেবগন, মোহনলাল, মনীষা কৈরালার মতো তারকাদের।
শুরুতে নজর কাড়লেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বিবেক। একসময় তিনি হয়ে ওঠেন আফসোসের নাম। আজকাল অনিয়মিত পর্দায়। সবশেষ তাকে দেখা গেছে ২০২৫ সালে ‘মাস্তি ৪’-এ। তবে ছবিটি সাফল্য পায়নি। বিশ্বজুড়ে আয় করে মাত্র ১৫ কোটি রুপি। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেতার দুটি বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’ ও ‘স্পিরিট’। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে তাকে।
আরআর