Dhaka Mail Logo

বিনোদন

হোটেল রুম নোংরা করার অভিযোগে জরিমানা, জেমস বললেন এটা এমন কি বড় ফাইন

বিনোদন ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

রোমের কনসার্ট শেষে অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘নগর বাউল’-এর ভোকালিস্ট জেমস ও তাঁর সফরসঙ্গীরা। ইতালির রোমের একটি হোটেলের কক্ষ অগোছালো ও নোংরা করে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

পরিচ্ছন্নতার জন্য হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ২০০ ইউরো দাবি করার পর সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। এসব অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে সরাসরি মুখ খুলেছেন গায়ক জেমস।

যে রুম নিয়ে অভিযোগ, সেখানে তিনি ছিলেন না জানিয়ে জেমস বলেন, ‘অভিযোগটি ৫৪৯ নম্বর রুম সংশ্লিষ্ট। রুমটিতে আমাদের একজন অতিথি গিটারিস্ট ছিলেন। ইয়াং ছেলে। নিয়ম কিন্তু সবসময় হোটেল থেকে ক্লিনিং করা। ইয়াং ছেলে, তারা হয়তো পরিষ্কার করেনি। কিন্তু এটি বড় কোনো ইস্যু নয়। হোটেলে অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে। প্রতিদিন পরিষ্কার করতে হয়, তারা হয়তো সেটি করেনি।’

image

জরিমানার বিষয় নিয়ে জেমস আরও বলেন, ‘অনেকেই অনেকভাবে এলোমেলোভাবে রাখে রুম। যদি হোটেল কর্তৃপক্ষ সত্যিই ২০০ ইউরো জরিমানা করে থাকে, তাহলে এটা এমন কি বড় ফাইন? এমনও দেখা যায়, কেউ কেউ রুমে ধূমপান করে ১০০/২০০ ইউরো জরিমানা দেয়। একেক দেশে একেক নিয়ম, এমন বড় কোনো বিষয় নয় এটি।’

এছাড়া নিয়ম না মেনে হোটেল ছাড়ার অভিযোগ অস্বীকার করে গায়কের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন জানান, হোটেল থেকে বের হওয়ার সময় কর্তৃপক্ষ সব দেখেছে। তারা কোনো অভিযোগ দেয়নি। কিন্তু তারা ভেনিসে চলে আসার পর এসব অভিযোগ তোলা হয়েছে।

এসব অপপ্রচারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না—এমন প্রশ্নে জেমস বলেন,‘এটা নিয়ে এত বড় কোনো ইস্যু করার দরকার নেই। তারা করতেছে করুক, করুক না। ফোন আছে, দুই-চারটা কথা লিখতেছে, লিখুক। বাধা দেওয়ার কিছু নেই, তারা লিখুক। তারা মন খুলে লিখুক, স্বাধীনতা আছে।’