বিনোদন ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম
সবে প্রযোজনায় নাম লিখিয়েছেন কার্তিক আরিয়ান। এরমধ্যে ঘটল বিপত্তি। শুটিং সেটে গুরুতর আহত অভিনেতা। হাঁটুতে করা হবে অস্ত্রোপচার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক বানাচ্ছেন কার্তিক। সে ছবির শুটিংয়ে আহত হয়েছেন। রিংয়ের এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান অভিনেতা। এই মুহূর্তে মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন কার্তিক। শিগগিরই হবে অস্ত্রোপচার। অপারেশনের পর বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। তারপরই ফিরবেন শুটিংয়ে।

জানা গেছে, তাজামুল ইসলাম হয়ে উঠতে ঘাম ঝরানো প্রস্তুতি চলছিল কার্তিকের। অ্যাকশন দৃশ্যগুলোতে শুটিংয়ের আগে ফাইট ডিরেক্টরের সঙ্গে করতেন রিহার্সাল। সেখানেই বাঁধে বিপত্তি। হাইভোল্টেজের অ্যাকশন দৃশ্যের চর্চা করার সময় হাঁটুতে চোট পান তিনি।
চিত্রনাট্য শুনে আর ফেরাতে পারেননি কার্তিক। তিনি মনে করছেন, ছবিটিতে যুবসমাজকে উদ্বুদ্ধ করার মতো উপাদান আছে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান কবীর। স্পোর্টস ড্রামা ‘৮৩’-এর পরিচালক তিনি। ছবিটিতে কপিল দেবের চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। এতে স্পষ্ট যে অভিজ্ঞ লোকের হাতেই প্রথম ছবির ভার দিয়েছেন ‘রুহ বাবা’।
_20260819_141626611.jpg)
তাজামুল ইসলাম একজন ভারতীয় কিকবক্সার ও কোচ। ২০০৮ সালে তিনি কাশ্মীরের এক প্রত্যন্ত গ্রাম তার্কপোরায় জন্মগ্রহণ করেন। মাত্র ৬ বছর বয়সে কিকবক্সিং শুরু করেন। সাত বছর বয়সে সাব-জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন। ভারতীয় তরুণীদের কিকবক্সিংয়ে আনতে যুগান্তকারী ভূমিকা রয়েছে তার।
আরআর