বিনোদন ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম
অনেক দিন ধরেই মান্নাতে নেই শাহরুখ খনা। সংস্কারজনিত কারণে নিজ বাড়ি ছেড়ে পরিবার নিয়ে থাকছেন ভাড়াবাড়িতে। সেই সুযোগে সেখানে বাসা বাঁধে জোড়া সাপ। একটি উদ্ধার হলেও আরেকটি এখনও নিখোঁজ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) মান্নতের উঠোনে বিশালাকৃতির দুটি সাপ চোখে পড়ে কর্মীদের। তড়িঘড়ি করে জানানো হয় বন দফতরে। উদ্ধারকারী দলও বেশি সময় নেয়নি। পৌঁছে উঠোনের সিঁড়ির নিচে কুণ্ডলী পাকিয়ে থাকাবস্থায় উদ্ধার করে আট ফুট লম্বা ইন্ডিয়ান র্যাট স্নেক অর্থাৎ দাঁড়াশ সাপ।
তবে দ্বিতীয়টিকে পাওয়া যায়নি। একটি সাপ ধরার পর উদ্ধারকারীরা শত চেষ্টা করেও অন্যটির সন্ধান পায়নি। সূত্রের খবর, মান্নাত চত্বরে লোকজনের চলাফেরায় ভয় পেয়ে সেটি পালিয়ে যায়।
এদিকে প্রথমটিকে উদ্ধারের পর বন বিভাগের নির্দেশনা মেনে উপযুক্ত স্থানে মুক্ত করে দেওয়া হয়। সেইসঙ্গে উদ্ধারকারী ভিকি দুবে মান্নাতের কর্মীদের আশ্বস্ত করেন এ নিয়ে ভয়ের কিছু নেই। কেননা সাপটি বিষাক্ত নয়।
এর আগে সালমান খানের বাসভবন গ্যালাক্সিতেও হানা দিয়েছিল সাপ। কয়েক মাস আগের ঘটনা। ভবনটির নিচতলা থেকে উদ্ধার করা হয়েছিল সাপটি। সেটিও ছিল দাঁড়াশ। পরে বন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল সাপটি।
আরআর