Dhaka Mail Logo

বিনোদন

প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর সুরে ৩৬ বছর আগের গান

বিনোদন প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

সুরের যাদুকর আইয়ুব বাচ্চু অন্য শিল্পীদেরও গাইয়েছেন নিজের সুরে। তাদের একজন নিজাম উদ্দিন। নব্বই দশকের গোড়ার দিকের কথা হলেও আজও অপ্রকাশিত গানটি। তিন যুগ পর আজ ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে গানটি প্রকাশ করলেন গায়ক।

‘তোমরা আমায়’ শিরোনামের গানটির কথা গীতিকার কবির বকুলের। সুরের পাশাপাশি সংগীত পরিচালনা করেছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটির পুনরায় সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

৩৬ বছর পর প্রকাশিত গানটির পেছনের গল্প ঢাকা মেইলকে শুনিয়েছেন গায়ক। তিনি বলেন,  ‘‘গানটি ১৯৯০ সালে বাচ্চু ভাই আমাকে দিয়েছিলেন। ওনার সঙ্গে আমার সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। সে সময় তার কাছে দুটি গান করতে যাই। উনি বলেন, তুই তিনটি গান কর। আমি বলি, আমার কাছে আছে দুটি গান। আরেকটি কোথায় পাব? তখন বলেন, ‘তোকে আমি একটা গান দিচ্ছি। এটা তোর গলায় ভালো যাবে।’ তখন কবির বকুলের লেখা ‘তোমরা আমায়’ গানটি দেন তিনি।’’ 

গানটি সে সময় তৈরি হলেও প্রকাশ করা হয়নি বলে জানান নিজাম। তার কথায়, ‘গানটি বাচ্চু ভাইয়ের সুর ও সংগীতে গাই। অডিও আর্ট নামের একটি স্টুডিওতে রেকর্ড হয়। কিন্তু আর প্রকাশ করা হয়নি। এক সময় আমিও মিউজিক ছেড়ে দেই। পরে আমার এক কাজিন গানটি চেয়ে নেয়। চট্টগ্রামের একটি ব্যান্ড ছিল তাদের। সেখানে গাইতো।’ 

এরপর বলেন, ‘‘২০২৪ সালে আমি আবার গানে ফিরি। শখের বশে নিজের কথা-সুরে গাইতে থাকি। তখন সংগীত পরিচালক সুমন কল্যাণ আমাকে বলেন, ‘নিজাম ভাই বাচ্চু ভাইয়ের (আইয়ুব বাচ্চু) সুরে আপনার একটি গান আছে। প্রকাশ করছেন না কেন!’ তখন মনে হলো বাচ্চু ভাইয়ের সঙ্গে সম্পর্কের স্মৃতি হিসেবে হলেও গানটি করা দরকার। ওই ভালোবাসার জায়গা থেকেই করা।’’

গায়ক বলেন, ‘গানটির প্রথম সংগীতায়োজন আইয়ুব বাচ্চুর ছিল। অনেক দিন আগের কথা। সেসব কিছুই এখন আর নেই। শুধু কথা ও সুর আমার মুখস্থ ছিল। সুমন কল্যাণ পুনরায় সংগীত পরিচালনা করেছেন। আমার কাছে ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে।

গায়ক জানান, আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করতেই তার জন্মদিনে গানটি প্রকাশ করেছেন। নিজাম উদ্দিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে এ গান। 

আরআর