Dhaka Mail Logo

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

বিনোদন ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

বাংলা রক সংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চু এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সুর, কণ্ঠ ও সৃষ্টিশীলতা সমৃদ্ধ করেছে দেশের রক সংগীতকে। মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেও তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে অগণিত শ্রোতার হৃদয়ে। তাঁর গান শুনে এই প্রজন্মের বহু শিল্পী অনুপ্রাণিত হয়েছেন। তাঁদেরই একজন তরুণ শিল্পী রাজেশ মজুমদার।

প্রায় এক দশক আগে আত্মপ্রকাশ করে ‘লিডিয়ান’ ব্যান্ড। আইয়ুব বাচ্চুর দেখানো রক সংগীতের ধারাকে ধারণ করে গান গেয়ে আসছেন রাজেশ ও তাঁর সহশিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিডিয়ান তৈরি করেছে ‘ওই সম্মোহনের সুর’। গানটির কথা লিখেছেন লিডিয়ান ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়।

image

গানটি প্রসঙ্গে গীতিকার বলেন,‘আইয়ুব বাচ্চুর জন্য নিজের কথা কি লিখবো? ওনার এত সৃষ্টি। এত গান তিনি রেখে গেছেন, সেখান থেকে যদি কিছু কথা সাজিয়ে নতুন কিছু করা যেতে পারে সেই পরিকল্পনা থেকে গানটি লিখেছিলাম। চেষ্টা করেছি আমাদের মতো করে একটা সুর তৈরি করতে।’

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গানের শিরোনাম ও কথামালাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে সাজানো হয়েছে ‘ওই সম্মোহনের সুর’। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে বলে প্রত্যাশা গানটির সুর, কম্পোজিশানও গায়ক রাজেশ মজুমদারের। 

image

তিনি বলেন, ‘আইয়ুব বাচ্চু বাংলা সংগীতে একজন অবিস্মরণীয় নাম। উনি নিজেই একটা ইন্ডাস্ট্রি। এত বড় নাম যে আমাদের মতো স্বপ্নবাজ তরুণরা ওনাকে বুকে ধারণ করে এই পথটুকু চলে যাচ্ছি। আমার এতদূর আসার পেছনে আইয়ুব বাচ্চুর আদর্শ ও তাঁকে অনুসরণ করার অনেক বড় অবদান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমি, আমার ব্যান্ডসহ আমরা একটা পরিকল্পনা করি যে আমরা একটা এবিকে ট্রিবিউট করব। 

গানটি ইতোমধ্যে লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে। 

ইএইচ/