বিনোদন প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম
দেশের ব্যান্ড সংগীতের বিশাল এক অধ্যায় আইয়ুব বাচ্চু। আজ ১৬ আগস্ট গিটারের জাদুকরের জন্মদিন। তিনি না থেকেও রয়ে গেছেন সবখানে। কিংবদন্তি এ ব্যান্ড তারকার স্মৃতি রক্ষায় সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন ‘আভাস’ ব্যান্ডের ভোকাল তানজির তুহিন।
আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধাভরে স্মরণ করে তুহিন ঢাকা মেইলকে বলেন, ‘বাচ্চু ভাই তো সর্বদাই শ্রদ্ধার মানুষ, সারাজীবনই থাকবেন। তাঁর মতো দ্বিতীয় আরেকজন মিউজিশিয়ান বাংলাদেশে কবে আসবেন বা আদৌ আসবেন কি না— চিন্তার বিষয়। তাকে হারিয়েছি কিন্তু তাঁর গানগুলো যেন হারিয়ে না যায়, তার একটি স্থায়ী ব্যবস্থা করতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘ওনার পরিমণ্ডলে যারা আছেন বা যারা গানের সঙ্গে যুক্ত ছিলেন, বিষয়টি তাঁদের গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারণ স্টেজে বা লাইভে তাঁর গান যত কম বাজবে মানুষটাও হয়তো আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যাবেন।’
আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষায় দেশের সংগীত অঙ্গনের অভিভাবক ও আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে তুহিন বলেন, ‘বাচ্চু ভাইকে নিয়ে আরও বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত। যারা দেশের বড় বড় সেক্টরে সংগীত নিয়ে কাজ করেন বা বড় আয়োজনের ক্ষমতা রাখেন তাঁদের এগিয়ে আসা দরকার। কারণ গুণী মানুষদের সম্মান আমাদের নিজেদেরই দিতে হবে, বাইরের কেউ এসে দেবে না। বহু বছর পেরিয়ে গেলেও ওনার অনুপ্রেরণা আর ভালোবাসাকে সম্বল করে আমরা পথ চলছি।’
কিংবদন্তি গায়কের সাথে ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে তুহিন জানান, তাঁদের মধ্যে প্রায়ই গান নিয়ে আলোচনা হতো। আইয়ুব বাচ্চু তরুণদের ভীষণ সাহস দিতেন। কনসার্ট বা লাইভ শো কীভাবে হ্যান্ডেল করতে হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন।
ইএইচ/ আরআর